শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রকৌশলীদের সততার সঙ্গে নির্মাণ কাজ শেষ করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইইডি’র সহকারী প্রকৌশলী ও মাঠ পর্যায়ের উপ-সহকারী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ঘুষ, দুর্নীতি ও অর্থ অপচয় সহ্য করা হবে না। শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রকৌশলীদের সততার সঙ্গে ও সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। কাজের মাধ্যমেই সুনাম অর্জন করতে হবে। জনগণের টাকার অপচয় করা যাবে না। ঘুষ, দুর্নীতি, অপচয় সহ্য করা হবে না।’
কাজের মধ্যে সৃজনশীলতা ও সৃষ্টিশীলতার প্রকাশ হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইইডি যেসব প্রতিষ্ঠান নির্মাণ করছে, সেসব প্রতিষ্ঠানে ভবিষ্যত প্রজন্ম পড়ালেখা করবে। তারাই হবে উন্নত বাংলাদেশ নির্মাণের অগ্রগামী দল। তাই এসব প্রতিষ্ঠানের পরিবেশ যাতে সুন্দর হয় এবং নির্মাণশৈলী উন্নত হয়, সেদিকে প্রকৌশলীদের খেয়াল রাখতে হবে।’
মন্ত্রী জানান, অধিদফতরের আওতায় ৩ হাজার স্কুলভবন, ১ হাজার ৫০০ কলেজ ভবন, ৭০টি বৃহৎ কলেজে ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রতিটি উপজেলায় মডেল স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা ভবন নির্মাণের কাজও চলছে।
ইইডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, ইইডি’র প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী এবং ইইডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
- ১১৮ আরোহী নিয়ে 'অপহৃত' লিবীয় বিমানের জরুরি অবতরণ
- ‘সবুজ দেখতে কারাগারে গমের চারা লাগিয়েছিলেন শেখ মুজিব’
/এসএমএ/এমও/








