এমবিবিএস ভর্তিপরীক্ষা আজ শুক্রবার (৫ অক্টোবর) শুরু হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও কর্তব্য পালনকারী কর্মকর্তা- কর্মচারীরা মোবাইল ফোন বা কোনও ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এমবিবিএস ভর্তিপরীক্ষায় রাজধানী ঢাকার নয়টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলোয় ৯ হাজার ৯৯৯ পরীক্ষার্থী অংশ নেবেন।
এছাড়া, ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের কেন্দ্র দু’টিতে ৫ হাজার ৭৪১, ইডেন মহিলা কলেজে ৬ হাজার, তেজগাঁও কলেজে ৮ হাজার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৫ হাজার পরীক্ষা দেবেন।
এদিকে, পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাকেন্দ্র ও আশপাশের সড়কে ভিড় এড়াতে পার্কিং ব্যবস্থাপনায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।








