বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ‘বিটাক অনেক পুরনো প্রতিষ্ঠান। তবে এটি যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল, ততটা পরিচিতি পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিষ্ঠানটিকে পরিচিত করার জন্য এবং কার্যক্রম সম্প্রসারণ করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিটাক অনেকটাই পরিচিত।’
বুধবার (১০ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ‘লাইভ’ দেখা যাচ্ছে এ আয়োজন।
আলোচনায় অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস বলেন, ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এখনও অনেকের কাছে পরিচিত না। তার মানে সেখানে সুযোগ-সুবিধা কম।’
বিটাক মহাপরিচালক তার বক্তব্যে এ অভিযোগ স্বীকার করে নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের এখানে হ্যান্ডস অন ট্রেনিং; বিশ্ববিদ্যালয়ে যেখানে থিওরেটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেটি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই। যার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা আসেন বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিয়ারিং পড়েন। তারা এসে হাতে কলমে আমাদের উন্নত ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক মুহম্মদ ফয়সল চৌধুরী এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস।









