প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ আবারও ১০ মাস মেয়াদে ফিরছে। একই সঙ্গে প্রশিক্ষণের নামটিও পরিবর্তন হচ্ছে। রবিবার (১১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১০ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হতো। প্রশিক্ষণের নাম ছিল সিএনএড (সার্টিফিকেট ইন এডুকেশন)। পরবর্তী সময়ে এই কোর্সটির নাম পরিবর্তন করে ডিপিএড (ডিপ্লোমা ইন এডুকেশন) করা হয় এবং কোর্সের মেয়াদ ১০ মাসের স্থলে ১৮ মাস করা হয়।
সরকার নতুন করে কোর্টের সময় পরিবর্তন করে আবার ১০ মাস ধারণ করেছে। একসঙ্গে কোর্সের নামও পরিবর্তন করা হয়েছে, নতুন নাম হবে ‘প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ’।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৈঠকে জানানো হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের নাম ডিপিএড-এর পরিবর্তে প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ এবং এ কোর্সের মেয়াদ ১০ মাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে বর্তমান সরকারের চলতি মেয়াদে ঢাকা শহরে দৃষ্টিনন্দন বিদ্যালয় নির্মাণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের খেলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের মাঠগুলো সংস্কারের জন্য প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশও করা হয়।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।








