সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টার দিকে আমি পদত্যাগপত্র দিয়েছি।’
মো. সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন। চেয়ারম্যান পদে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোহরাব হোসাইন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
১৯৮৬ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের মাঠ প্রশাসন এবং মন্ত্রণালয় ও বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি দেশি-বিদেশি বহু সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং আছেন। তিনি বাংলা অ্যাকাডেমির আজীবন সদস্য।
সোহরাব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।
মো. সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।









