দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধ ও অগ্নি নির্বাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থা ও দফতর প্রধানদের এই নির্দেশনা দেওিয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনার পর সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপনের বিষয়ে আপনার দফতরে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা জরুরি। সংস্থায় অনিতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ ও ভবনের জন্য জনচলাচল স্থানগুলো উন্মুক্ত করা, সিঁড়িগুলো উপযোগী করা এবং অগ্নি নির্বাপন সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।









