রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনগুলোর নেটওয়ার্ক শক্তিশালী করাই এর মূল লক্ষ্য।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি মিলিয়ে মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত থাকবেন।
ইউজিসি জানায়, এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষার রূপান্তর এবং উচ্চশিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন ও মতবিনিময় করা হবে।
তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট ৮টি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে— ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দুটি সেশন।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে— ‘ইমার্জিং ইস্যুজ ইন হায়ার এডুকেশন: এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’, ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: এনহ্যান্সিং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’, ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: কো-অপারেশন, কোলাবরেশন অ্যান্ড নেটওয়ার্কিং’, ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন: ভয়েস অব দ্য সিভিল সোসাইটি’, এবং ‘ডায়ালগ উইথ ভাইস-চ্যান্সেলরস: হিট প্রজেক্ট ইন পার্সপেকটিভ’ শীর্ষক সেশন।
সম্মেলনের শেষ দিনে (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘জেন্ডার ইন হায়ার এডুকেশন: কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেশন এবং সম্মেলনের সমাপনী পর্বে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণা করা হবে।
ইউজিসি আশা করছে, এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি কার্যকর রূপরেখা তৈরি হবে।








