নাটকীয় ফেসবুক পোস্টে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ক্ষমা চেয়ে ‘সুলতান’ চলচ্চিত্র থেকে গানটি বাদ না দেওয়ার জন্য সালমানকে অনুরোধ জানিয়েছিলেন।
এবার সালমানের পক্ষ নিয়ে অভিনেতা নিখিল দ্বিভেদি এক টুইট করেছেন। তাতে তিনি জানিয়েছেন, অরিজিতের গাওয়া গান বাদ দিতে ‘সুলতান’ এর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসকে কিছু বলেননি। কিন্তু এটা সত্য যে, অরিজিতের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের খুব ঘনিষ্ঠ নিখিল জানান, সালমান এত সংকীর্ণ মনের মানুষ নন। অরিজিতের গাওয়া গানে সালমান অভিনয় করেছেন, তাহলে কেন তিনি তা বাদ দিতে বলবেন? সংগীত পরিচালকরা সাধারণ একটি গান বিভিন্ন শিল্পীকে দিয়ে রেকর্ড করেন। সবচেয়ে ভালো গানটি ছবিতে রাখা হয়। তাই, ‘সুলতান’ এর ক্ষেত্রে এ বিষয়ে ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন প্রযোজক আদিত্য চোপড়া ও সংগীত পরিচালক বিশাল-শেখর।
এ বিষয়ে সালমানের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে অরিজিৎ জানিয়েছেন, এখন তিনি খুব বিমর্ষ আছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।
মঙ্গলবার অরিজিৎ সিং ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে তিনি সালমানের কাছে বারবার ক্ষমা চাওয়ার চেষ্টার কথা উল্লেখ করে ক্ষমা চান। একই সঙ্গে ওই ফেসবুক পোস্টে ‘সুলতান’ থেকে তার গানটি বাদ না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন। অরিজিতের দাবি, সালমান তার গাওয়া গানটি বাদ দিতে চাচ্ছেন। যদিও ফেসবুক পোস্টটি কিছুক্ষণ পর মুছে ফেলেন অরিজিৎ। তবে এ সংশ্লিষ্ট আরেকটি পোস্ট এখনও তার প্রোফাইলে রয়েছে।
ঝামেলাটা পুরনো। ২০১৪-র স্টার গিল্ড অ্যাওয়ার্ডসে সাদামাটাভাবে অনুষ্ঠানে আসায় মঞ্চে দাঁড়িয়ে অরিজিতের সঙ্গে মজা করেছিলেন সালমান। উত্তরে অরিজিৎ মুখের ওপর বলে বসেন, ‘অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, পুরস্কার দেওয়ার হলে দিয়ে দিন।' শোনা যায়, সেটাই মেনে নিতে পারেননি বলিউড সুপারস্টার সালমান। এরপর ‘কিক’ ছবি থেকে বাদ পড়ে অরিজিতের গাওয়া ‘হ্যাংওভার’ গানটি।
আরও পড়ুন: অরিজেতের সেই চিঠি
সূত্র: এনডিটিভি।
/এএ/এম/



