সেন্সর বোর্ড ‘উড়তা পাঞ্জাব’র ৮৯ শতাংশ ও ছবির নাম থেকে পাঞ্জাব বাদ দিতে নির্দেশ দেওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রযোজক অনুরাগ কাশ্যপ।
শুক্রবার শুনানি শেষে বোম্বে হাইকোর্ট রায় ঘোষণার জন্য সোমবার ধার্য করেছেন। সোমবার আদালতের রায়েই ‘উড়তা পাঞ্জাব’ এর চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হবে।
শুনানির সময় বিচারপতি সেন্সর বোর্ড সদস্যদের বেশ কিছু প্রশ্ন করেন।
প্রশ্ন করেন, ছবির নামের সঙ্গে কীভাবে রাজ্যকে সম্পর্কিত করা যায়? বিচারপতি বলেন, সিনেমা অত্যন্ত কার্যকরী মাধ্যম। প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। টিভি হোক বা সিনেমা, মানুষকে দেখতে দিন। বর্তমান প্রজন্ম অনেক বুদ্ধিমান, তারা পরিণত কিছু দেখতে চায়, সত্যকে আড়াল না করে তাদের দেখতে দিন। বিচারপতি আরও বলেন, সেন্সর বোর্ডের কাজ ছাড়পত্র দেওয়া, কাঁচি চালানো নয়।
এর আগে বৃহস্পতিবার শুনানির সময় বিচারক সেন্সর বোর্ডের কাছে ব্যাখ্যা চান, কেন বেশিরভাগ অংশ বাদ দেওয়া হবে? বিচারকরা জানান, ছবিতে মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।
সেন্সর বোর্ডের প্রধান ছবি থেকে বিধায়ক, মন্ত্রী, নির্বাচন, সংসদ এই শব্দগুলো বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া পাঞ্জাবের পটভূমিও ছবি থেকে মুছে দেওয়ার নির্দেশ দেন ভারতের সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালেনি। এরপর পুরো বলিউড ‘উড়তা পাঞ্জাব’র পরিচালক-প্রযোজকদের পক্ষে অবস্থান নেন। শুরু হয় রাজনৈতিক জলঘোলা।
অবশ্য সেন্সর বোর্ডে নির্দেশ মেনে শুধু একটা দৃশ্যই কাটতে রাজি হয়েছেন ‘উড়তা পাঞ্জাব’র নির্মাতারা। যে দৃশ্যে শাহিদ কাপুর প্রকাশ্যে মূত্র ত্যাগ করছিলেন। কিন্তু বাকি যেসব দৃশ্য ও শব্দকে অশালীন উল্লেখ করে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তা বাদ দিতে রাজি নন তারা।
চলচ্চিত্রটি অভিনয় করেছেন শহিদ কাপুর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, দিলজিৎ দোশাঞ্জ।
অভিষেক চুবে পরিচালিত ছবিটি ১৭ জুন মুক্তি পাবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এম/




