বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবেই তিনি পরিচিতি। অথচ তিনিই সন্দেহ করছেন ৫৫ বছরের ব্যক্তির চরিত্রে পর্দায় অভিনয় নিয়ে তিনি আদৌ প্রস্তুত কিনা!
অন্য কেউ এমন বললে হয়ত বলা হতো বিনয়। কিন্তু তিনি আমির খান বলেই বিষয়টা গুরুত্বপূর্ণ। কেননা নিজের চরিত্র পর্দায় সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে কোনও খুঁত রাখেন না এই তারকা।
আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের পরবর্তী চলচ্চিত্র ‘দাঙ্গাল’-এর অভিনয় নিয়ে। ছবিটির অভিনয় শুরু হওয়ার পর থেকেই বিভিন্নভাবে খবরের শিরোনাম হয়েছেন আমির। এবার জিজ্ঞেস করা হয়েছিল, প্রথমবার চিত্রনাট্য পড়ার তার অনুভূতি কী ছিল?
জবাবে আমির বলেন, প্রথমবারের মতো ‘দাঙ্গাল’-এর চিত্রনাট্য পড়ে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। এরপরই আমার মনে হয়েছিল, চরিত্রটি ৫৫ বছরের ব্যক্তির। যা আমার বয়সের কাছাকাছি। নিজের কাছে নিজেই প্রশ্ন করেছিলাম, আমি পর্দায় এই চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত?
‘পিকে’ অভিনেতা আমির ‘দাঙ্গাল’-এর জন্য নিজের শরীর নিয়ে বেশ পরিশ্রম করেছেন। ছয় মাসে ৬৮ থেকে ৯৩ কেজিতে ওজন বাড়িয়েছেন। ছবির একটি অংশে তাকে বয়স্ক কুস্তিগীর চরিত্রে অভিনয় করতে হয়েছে। এরপর আবার তাকে ওজন ও মেদ কমিয়ে নিজেকে পেটা পেশীবহুল শরীর বানাতে হয়েছে।
‘দাঙ্গাল’ ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আরও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার ও সান্য মালহোত্রা। আগামী ২৩ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
/এএ/এম/




