২ কোটি ৬২ লাখ ৮০ হাজার মিনিট, ৪ লাখ ৩৮ হাজার ঘণ্টা, ১৮ হাজার ২৫০ দিন, ২ হাজার ৬০৭ সপ্তাহ, ৬০০ মাস, ৫ দশক— বলিউড অভিনেতা অক্ষয় কুমার ৫০তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দিয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) বয়সের দিক দিয়ে হাফ সেঞ্চুরি করলেন তিনি! সুবর্ণজয়ন্তীতে ভক্তদের জন্য নিজের নতুন ছবি ‘গোল্ড’-এর প্রথম পোস্টার ছেড়েছেন ‘খিলাড়ি’ তারকা।
জন্মদিনের প্রাক্কালে উচ্ছ্বসিত অক্ষয় টুইটারে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটি মেঘে থাকে রূপালি আবরণ। কিন্তু আপনাদের ভালোবাসায় আমার মেঘগুলো হয়ে আছে সোনা! আমার বয়স সুবর্ণজয়ন্তীতে এসে দাঁড়িয়েছে, এই ছবির নামেও আছে সেই বার্তা!’
পোস্টারে দেখা যাচ্ছে, অলিম্পিক গেমসের সোনার পদকে ‘রুস্তম’ তারকা অক্ষয়ের মুখ। তার অবয়বের ওপর লেখা— ১৪তম অলিম্পিয়াড লন্ডন ১৯৪৮। ছবির নামের পেছনে দেখা যাচ্ছে একটি স্টেডিয়াম। এর ট্যাগলাইনে বলা হয়েছে, ‘এই স্বপ্ন এক সুতোয় গেঁথেছে একটি জাতিকে।’
ক্যারিয়ারে এখনও সোনালি সময় যাচ্ছে বলিউড সুপারস্টার অক্ষয়ের। তিনি বলেছেন, “এবারের জন্মদিন আমাকে পুনরুজ্জীবিত করেছে। ৫০তম জন্মদিনে পৌঁছে আমি উচ্ছ্বসিত। এখন সময় আরও বড় এবং ভালো কিছু করার। ‘গোল্ড’-এর পোস্টার উন্মোচন করতে পেরে আমি খুশি। এটি আমার কাছে বিশেষ একটা কাজ।”
ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন মৌনি রায়। তিনি আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “এই যে ‘গোল্ড’-এর প্রথম পোস্টার। এই স্বপ্নিল দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। অক্ষয় স্যারের জীবন আরও সমৃদ্ধ হোক। ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো।”
হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’। ১৯৪৮ সালে লন্ডনে ১৪তম অলিম্পিক গেমসে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথমবার সোনার পদক জেতে হকিতে। ওই দলের সদস্য ছিলেন বলবীর সিং। ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ১৫ আগস্ট। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনায় এর শুটিং হচ্ছে যুক্তরাজ্য ও ভারতে।




