ঈদুল আজহা উপলক্ষে এবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান!
আজ ঈদের তৃতীয় দিন (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’। অনুষ্ঠানে তার গাওয়া ১০টি গান থাকবে।
গানগুলো লিখেছেন রাজেশ ঘোষ, কৌশিক হোসেন তাপস ও নাজমা মোহাম্মদ। সুর ও সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও কৌশিক হোসেন তাপস।
প্রতিবারের মতো এবারও গানগুলোর ভিডিও দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।
গানগুলোর শিরোনাম এমন—একটা মন দাও, কত সুন্দর তুমি, স্মৃতি নিয়ে বেঁচে আছি, শুধু তোমাকেই, আমার চেয়ে অনেক বেশি, আজ কেন মনে হয়, আমাকে আর ভালোবাসো না, একা থাকার যন্ত্রণা, মনের দুয়ার এবং তোমার এক ফোঁটা চোখের পানি।
২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। ২০১৭ সালের ঈদুল ফিতরে প্রচারিত হয় তার গান নিয়ে অনুষ্ঠান প্রথম ‘প্রিয়ারে’। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ ব্যাপক আলোচিত-সমালোচিত হয়।
মাহফুজুর রহমানের গান-ভিডিও ‘একমুঠো প্রেম’:
এদিকে তার গাওয়া গান নিয়ে যারা সমালোচনা ও মজা করেন, ফেসবুকে তাদের প্রসঙ্গে ড. মাহফুজুর রহমান আগেই বলে রেখেছেন, ‘বিশেষ একটা শ্রেণি আছে, যারা সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি ভালো করলেও পেছনে কথা বলে, আবার খারাপ কিছু করলেও করে। আমি ব্যক্তিগতভাবে ফেসবুক পছন্দ করি না। ফেসবুকের ইতিবাচক অনেক ব্যাপার আছে। কিন্তু তরুণ প্রজন্ম এটার অপব্যবহার বেশি করছে।’
ড. মাহফুজুর রহমানের গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘কত সুন্দর তুমি’, ‘একা থাকার যন্ত্রণা’, ‘একটা মন দাও’ প্রভৃতি।
গান গাওয়ার পাশাপাশি মাহফুজুর রহমান ‘স্মৃতির আলপনা আঁকি’ শিরোনামে একটি উপন্যাসও প্রকাশ করেছেন চলতি বছর একুশে গ্রন্থমেলায়।
গত বছর প্রচারিত একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’র প্রমো:




