১৬ নভেম্বর একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দুটি ছবি। একটি সিয়াম-পূজা-মম অভিনীত ‘দহন’, অন্যটি খিজির হায়াত খান-শানুর ‘মিস্টার বাংলাদেশ’।
কিন্তু নিজের মাঠটি ছেড়ে দিয়েছে ‘দহন’ টিম। তাই সেদিন শুধু ‘মিস্টার বাংলাদেশ’ই সারাদেশে মুক্তি পাচ্ছে। বিষয়টি আগেই নিশ্চিত করেছে ‘দহন’-এর প্রযোজক এবং ‘মিস্টার বাংলাদেশ’-এর পরিবেশক আবদুল আজিজ।
তবে একসঙ্গে মাঠে নামার আরও একটি উপলক্ষ এলো এই দুই চলচ্চিত্রের জন্য। দুই ছবির সংশ্লিষ্টরা এবার সত্যিকার অর্থেই মাঠে নামছেন দলবেঁধে।
আগামী ১৩ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর আবাহনী মাঠে ক্রিকেট লড়াইয়ে নামবে চলচ্চিত্র দুটির কলাকুশলীরা।
এটির আয়োজন করেছে থিয়েটার থ্রেড নামের একটি ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম।
দুটি ছবির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, এটি মূলত ১০ ওভারের ম্যাচ হবে। দুই দলে সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্ট ১১ জন করে খেলবেন।
এতে ‘দহন’-এর সিয়াম আহমেদ, পূজা চেরী, জাকিয়া বারী মম, শিমুল খান, পরিচালক রায়হান রাফী; ‘মিস্টার বাংলাদেশ’-এর খিজির হায়াত খান, শানারেই দেবী শানু, টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, পরিচালক আবু আক্তারুজ্জামান ইমানসহ চলচ্চিত্র দুটির পেছনের মানুষরাও যুক্ত হবেন দুই দলে।
শোনা যাচ্ছে, দলনেতা হিসেবে দুই দলে থাকবেন আবদুল আজিজ (দহন-এর প্রযোজক) ও খিজির হায়াত খান (মিস্টার বাংলাদেশ-এর অভিনেতা)।
তবে আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বললেন একটু ভিন্ন ধরনের কথা- ‘আমি কোন দলে খেলব, তা এখনও ঠিক করিনি! আগে দুদলের প্লেয়ার লিস্ট দেখি, যেটা শক্তিশালী মনে হবে সেই দলে যাবো। মূলকথা, আমি জয়ী দলে থাকবো! ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেখি, লোকজন আমাকে কোন দলে খেলতে বলে। তাদের মতামতও গ্রহণ করা হতে পারে!’
এদিকে খিজির হায়াত খানও এখনই কাপ্তান হিসেবে নিজের নাম প্রকাশ করতে চাচ্ছেন না। তার মন্তব্য, ‘দেখি, নায়িকাকেও এ দায়িত্ব নিতে বলতে পারি। সে হলেও কিন্তু মন্দ হবে না। তবে একটা চমক তো থাকবেই!’
উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’। ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। আর ‘দহন’ হলো তাদের নিজস্ব প্রযোজনার ছবি। এটি মুক্তি পাবে ৩০ নভেম্বর।




