২০১৬ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ‘বিসর্জন’; যে ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। ২০১৭ সালে একই বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ‘ময়ূরাক্ষী’; যে ছবিটি পরিচালনা করেছিলেন অতনু ঘোষ।
এবার সেই অতনু ঘোষের পরিচালনা এবং তারই লেখা নতুন ছবি ‘বিনি সুতোয়’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। শুধু অভিনয়ই নয়, ছবির জন্য গাইবেন গানও! নিশ্চিত করলেন জয়া নিজেই।
এতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন ‘শব্দ’, ‘নির্বাক’, ‘ফড়িং’, ‘ওপেনটি বায়স্কোপ’, ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’-এর মতো অনেক ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
আর এ ছবির মাধ্যমে প্রায় ১০ মাস পর নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকার মেয়ে জয়া আহসান। এই ছবিতে কেন? তিনি বললেন, ‘পরিচালক অতনু ঘোষের পূর্বের কাজ, নতুন ছবির গল্প ও চরিত্রের প্রতি ভীষণ আকর্ষণ থেকেই এ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি অভিনয় করবো শ্রাবণী বড়ুয়া চরিত্রে, আর ঋত্বিককে দেখা যাবে কাজল সরকারের ভূমিকায়।’
প্রশ্ন ছিল, এবারই কি প্রথম গাইছেন? জয়া বললেন, ‘‘এবারই প্রথম। তবে ‘ডুব সাঁতার’-এ গুন গুন করে ‘তোমার খোলা হাওয়ায়’ গানটি একটু গেয়েছিলাম। ওটাকে ঠিক গাওয়া বলা যাবে না। এবার ঠিকঠাক গাইবার পরিকল্পনা করছি। দেখা যাক কেমন হয়।’’
ছবির গল্প প্রসঙ্গে জয়া জানান এভাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী (জয়া) পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল (ঋত্বিক)। এভাবে দুজনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। বাইরে থেকে তারা একে অপরকে যেভাবে দেখছে, আতশ কাঁচের নিচে কি সেটা রাতারাতি পাল্টে যাবে? সে উত্তরই পুরো ছবিজুড়ে দর্শক খুঁজে নেবেন।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিতকে নিয়ে কাজ করার পর জয়া আহসান ও ঋত্বিককে কেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ করলেন, এ প্রশ্নের জবাবে পরিচালক অতনু কলকাতা থেকে বললেন, ‘ভারতে এই মুহূর্তের সবচেয়ে সংবেদনশীল, প্রতিভাবান দুই অভিনেতা-অভিনেত্রী হলেন ঋত্বিক ও জয়া। দুজনকে এক ফ্রেমে দেখার ইচ্ছে আমার দীর্ঘদিনের। এবার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে।’
আসছে ১ ফেব্রুয়ারি থেকে কলকাতা এবং টাকিতে এ ছবির শুটিং শুরু হচ্ছে।
অন্যদিকে সিনেমার জন্য গানগুলো তৈরি করছেন দেবজ্যোতি মিশ্র। যেগুলোর মধ্যে একটি বিশেষ গানে কণ্ঠ দেবেন জয়া আহসান। সবকিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে ‘বিনি সুতোয়’, জানালেন নির্মাতা।




