শিল্পীদের বহু কাজে পারদর্শিতা দেখা যায়। মূল জায়গার পাশাপাশি অন্য ক্ষেত্রেও অনেকে সম্পৃক্ত হন। এবার সে তালিকায় উঠলো ফারহান আহমেদ জোভানের নাম। নাটকের চিত্রনাট্য লেখা শুরু করেছেন এই অভিনেতা।
এর আগে তার গল্পভাবনায় নাটক নির্মিত হলেও এবার তিনি প্রথমবারের মতো চিত্রনাট্য লিখেছেন। আর নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তার বহু কাজের সহকর্মী তাসনিয়া ফারিণকে। ‘আমার বার্থ ডে’ শিরোনামের এ নাটকটি পরিচালনায় আছেন সহিদ উন নবী।
তিন দিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে।
নতুন গল্পকার ও চিত্রনাট্যকার জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তখন। সে সময়ই গল্পটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছে। এরপর আমি সংলাপ, দৃশ্যগুলো বলি, আমার বন্ধুরা সেভাবে লিখতে শুরু করে। এভাবেই তৈরি হয়েছে নাটকটি।’
ফারিণ বললেন, ‘গল্পটা খুবই সুন্দর। জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলেন তখন আমি তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক। অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। তারপরও তিনি সেটা করছেন। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছেন। খুবই ইন্টারেস্টিং।’
নাটকটির গল্পের নায়ক অভিনেতা জোভান নিজেই আর নায়িকা তাসনিয়া ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।
পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।







