আগামী ৭ জানুয়ারি বড় পর্দায় আসছে বছরের প্রথম চলচ্চিত্র ‘শান’। রোমান্টিক এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দায় দেখা যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটিকে।
আর সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও রোমান্টিক মুডে পাওয়া গেলো নায়িকা পূজাকে। সবাইকে ছবি দেখার আমন্ত্রণ জানানোর একপর্যায়ে মজা করে বলেই ফেললেন- গার্লফ্রেন্ড অথবা স্ত্রীকে নিয়ে প্রেক্ষাগৃহে যেতে।
পূজা বলেন, ‘‘প্রায় দুই বছর পর এভাবে সাংবাদিকদের সামনে এলাম। যদি ‘শান’ নিয়ে বলি, এখন পর্যন্ত যত ছবি করেছি বা ভবিষ্যতে করবো এটুকু বলতে পারি, এটি আমার জীবনের বেস্ট ছবি হয়ে থাকবে। তিন বছর অনেক কথা শুনেছি যে ‘শান’ কবে আসবে, কবে আসবে? ৭ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে। আপনারা গার্লফ্রেন্ড বা বৌকে নিয়ে প্রেক্ষাগৃহে আসুন (হাসি)। ফ্যামিলি নিয়ে আসুন। তাহলে আমাদের শো বাড়বে।’’
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনটি হয়। সেখানে উপস্থিত হন এর নায়ক সিয়াম আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, নাদের চৌধুরী, নির্মাতা এ রাহিমসহ অনেকে।
সিয়াম বলেন, ‘ছবিটি নিয়ে তিনটি বছর রাহিম যে পরিশ্রম করেছে, তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিমের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো, আপনারা চলচ্চিত্রটি দেখুন।’
পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
ছবি: সাজ্জাদ হোসেন









