চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং ফেসবুক লাইভে এসে শ্বশুরের আত্মহত্যা ইস্যুতে টানা আলোচনা-সমালোচনার মধ্যে নিমজ্জিত ছিলেন নায়ক রিয়াজ। সম্ভবত সেখান থেকে খানিক ভেসে ওঠার চেষ্টায় একটি প্রতিযোগিতার মঞ্চে উঠলেন এই নায়ক।
তাও আবার সেটি সিনেমা বা অভিনয় বিষয়ে নয়, পুরোটাই সংগীতভিত্তিক। যে মঞ্চে উঠে তিনি মুগ্ধ করেছেন অনুষ্ঠানের বিচারকদের। কারণ, তিনি না গাইলেও মন খুলে নেচেছেন গানের সঙ্গে। আবার একই অনুষ্ঠানে বিচারকের আসনে বসে মুগ্ধ করেছেন প্রতিযোগীদেরও।
প্রচার চলতি ‘স্কয়ার সুরের সেরা’ রিয়েলিটি শোর ‘ভ্যালেন্টাইন স্পেশাল’ পর্বে অতিথি হয়ে হাজির ছিলেন রিয়াজ। সম্প্রতি শুটিং হওয়া এই বিশেষ পর্বে রিয়াজের সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে ছিলেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।
মূল বিচারকরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও চিত্রনায়ক রিয়াজ দেখেছেন সবার মঞ্চ পারফরম্যান্স। এ প্রসঙ্গে নায়ক বলেন, ‘প্রতিযোগিতায় লড়াই হবে, এটাই স্বাভাবিক। তবে এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে আরও নানাভাবে। আজকাল যেখানে শিল্পীদের নিয়ে ট্রল বা রোস্ট করা অনেকের জন্য অভ্যাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই অনুষ্ঠানে শিল্পীদের যেভাবে সম্মান দেওয়া হয়, বাংলা গান নিয়ে যেভাবে চর্চা করা হয়, আমি মুগ্ধ।’
‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন নায়ক রিয়াজ। ভ্যালেন্টাইন বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নিচ্ছেন স্কয়ার গ্রুপের জয়প্রকাশ, জুঁই, আনোয়ার, কাবির, অসিত, মমতাজ, সৌমিত, সোহেল রানা, মিলন ও আল সাদিদ। তাদের সঙ্গে চিত্রনায়ক রিয়াজ নাচও করেছেন একই মঞ্চে। এই বিশেষ পর্বটি প্রচার হবে শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়।
পুরো আয়োজনে সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।








