আবারও নতুন ছবির ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নাম ‘হাহাকার’। যেখানে নায়ক হিসেবে রেখেছেন সাইমন সাদিককে। আর তার বিপরীতে থাকছেন নতুন নায়িকা প্রিয়মণি।
গত ১১ ফেব্রুয়ারি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা।
সাইমন সাদিক বলেন, ‘মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে আমার কম্বিনেশন অনেক ভালো। এটা আগেও দেখেছেন। আশা করি ভবিষ্যতেও থাকবে।’
সাইমনকে নিয়ে মানিক এর আগে চারটি ছবি নির্মাণ করেছেন।
নির্মাতা জানান, আগামী মাস থেকে মানিকগঞ্জে শুরু হবে এর কাজ। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে হাহাকার থাকে। এ হাহাকার নিয়েই এবারের ছবির গল্প।’
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কাহিনিকার সুদীপ্ত সাইদ খান।
অন্যদিকে, ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন প্রিয়মণি। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত অনন্য মামুনের ‘কসাই’ সিনেমা।
‘হাহাকার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে মণি বলেন, ‘সাইমন ভাইয়া ও মানিক স্যারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’





