বাঁশির সুর এমনই এক যন্ত্রণাময় মন্ত্র, যা প্রেমে যেমন মধুর তেমনি বিষাদেও করুণ! দুটোই যেন প্রতিফলিত হলো এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার মাধ্যমে। পর্দায় প্রেমময় বাঁশির সুরে জয় চৌধুরী আর অপু বিশ্বাসকে প্রেমের সুতোয় বাঁধলেন যে পরিচালক-প্রযোজক, মুক্তির পর থেকে তিনিই এখন কেঁদে চোখ ভাসাচ্ছেন।
ঈদে অন্য ৮ ছবির সঙ্গে দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি। পাঁচ দিনের মাথায় খবর নিয়ে জানা গেছে, ছবিটির বাণিজ্যিক অবস্থান রয়েছে ৮ নম্বরেই। সপ্তাহ ঘোরার আগেই বলা যায় সুপার ফ্লপ।
আর সে কারণে কান্নায় ভেঙে পড়লেন এর প্রযোজক ও পরিচালক সোলায়মান আলী লেবু। এই পরিচালক সবাইকে আহ্বান জানালেন তার সিনেমাটি দেখার। আর কাঁদতে কাঁদতে দু’হাত জোড় করে বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরও ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’
এই ঈদে ছবিটি মুক্তি দেওয়া ভুল হয়েছে বলেও মনে করছেন সোলায়মান আলী লেবু। তিনি বলেন, ‘আমার ছবির গল্পটি অনেক সুন্দর কিন্তু হল না পাওয়ায় ছবিটি চলছে না। তবে যে ক’টি হল পেয়েছি আর যারা ছবিটি দেখেছেন সবাই ভালো বলছেন। কিন্তু ঈদে শাকিবের (শাকিব খান) ছবি আছে বলে, অনেক হল মালিকই আমার ছবিটি নেয়নি। এখন দর্শকদের কাছে এটি পৌঁছাতে না পারলে, টাকা কিভাবে আসবে?’
‘প্রেম প্রীতির বন্ধন’র বাজেট কত ছিল আর কত এসেছে জানতে চাইলে এই প্রযোজক ও নির্মাতা জানান, এটি বড় বাজেটের ছবি। খরচ হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার মতো। যার গানগুলোর পেছনেই গেছে ৬০ লাখের বেশি। আর এখন পর্যন্ত টাকা এসেছে মাত্র ৫ লাখ!
লেবুর আশা, আগামী সপ্তাহে ঢাকার বাইরে আরও বেশ কিছু হলে চলতে পারে ‘প্রেম প্রীতির বন্ধন’।
‘প্রেম প্রীতির বন্ধন’র মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।








