শিরোনাম পড়ে এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকে যেতে পারে জোভান-বৃষ্টি ভক্তদের। টিভি পর্দার এই তারকাদ্বয় কি অসুস্থ হয়ে পড়লেন! একদমই না। বরং ‘আইসিইউ’ নামের একটি নাটকে একত্রে কাজ করেছেন তারা। সেই নাটকই প্রচার হচ্ছে ঈদের ৬ষ্ঠ দিন।
এটি নির্মাণ করেছেন এমএনইউ রাজু। মূলত নিজাম নামের এক দালালের গল্পই উঠে এসেছে নাটকটিতে। যে চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
গল্পের আভাস দিয়ে নির্মাতা বললেন, ‘একটা দালাল মানুষ, সে অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু কখনও কখনও নিজের স্বার্থে সে যে পশু হয়ে ওঠে, সেই রূপটা তুলে ধরেছি এই গল্পে।’
রাজু জানান, ‘আইসিইউ’ গল্পটি তিন অংশে বিভক্ত। একটি অংশে নিজামকে দেখানো হয়েছে একজন বাবা ও স্বামীর চরিত্রে, আরেক অংশে সে আট-দশজনের মতোই সাধারণ মানুষ। অন্য একটি অংশে সে চরম অমানবিক ও প্রতারক লোক।
নাটকে জোভান ও তানিয়া বৃষ্টির সঙ্গে আরও আছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইকবাল হোসাইন, মুনতাহা, পারভেজ সুমন প্রমুখ। এটি দেখা যাবে বাংলাভিশনে।







