মেঘলা দিন। থেমে থেমে ঝরছে বৃষ্টিও। এমন পরিবেশে প্রকৃতির নৈসর্গিক আবহে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দারুণ একটি কাজ করলেন দুই তারকা বন্ধু চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। কণ্ঠে তুলে নিলেন গান, গাইলেন হাশিম মাহমুদের সদ্য জনপ্রিয়তা পাওয়া ‘কথা কইয়ো না’।
একেবারে খালি গলায় ঢাকার অদূরে পুবাইলের রাস্তায় হেঁটে হেঁটে ঝড়ো বাতাসের ফাঁকে কাজটি করলেন দুই বন্ধু। আর সেটি ক্যামেরায় ধারণ করলেন নির্মাতা এজাজ মুন্না। এ সময় শাহনাজ খুশির পরনে থ্রিপিস আর চঞ্চলের শরীরে পলো গেঞ্জি আর থ্রি-কোয়ার্টার প্যান্ট দেখা যায়। পুরো গানটি দুজনে বেশ আনন্দ নিয়ে হাততালি দিয়ে পরিবেশন করেন।
সোমবার (১২ জুন) দুপুরে চঞ্চল চৌধুরী তার সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘চলতে পথে, পুবাইলের রাস্তায়…, ঝড় বৃষ্টির একটু আগে।’
জানা গেছে, এজাজ মুন্নার নাটকের শুটিংয়ের ফাঁকেই চঞ্চল-খুশি মনের আনন্দে এই গানটি করেন। কারণ, গেল ক’দিন ধরে দুজনেই এই গানটি শুনছিলেন ও গাইছিলেন সারাক্ষণ।
‘কথা কইয়ো না’ গানটি সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশ হয়। যাতে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু ও আলেয়া বেগম। এর সংগীতায়োজন করেন ইমন চৌধুরী।
অভিনয়ের বাইরে চঞ্চল ও শাহনাজ খুশির সম্পর্কটা বেশ গভীর ও দীর্ঘ। দুজন ভালো বন্ধু। দুজনার পারিবারিক বন্ধনটাও বেশ মজবুত। মূলত সেই বন্ধুত্বের প্রতিধ্বনিই নতুন করে উঠে এসেছে তাদের এই অনানুষ্ঠানিক পরিবেশনার মাধ্যমে।
ভিডিওটি শেয়ার করার পর দুই বন্ধুর গায়কীর প্রশংসা করে প্রচুর মন্তব্য মিলছে শ্রোতাদের পক্ষ থেকে।








