মধ্যরাতে সিনেমার শো; বিষয়টি বিভিন্ন দেশেই রয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও আলোচিত সিনেমাগুলোর মিডনাইট স্ক্রিনিং হয়ে থাকে। তবে বাংলাদেশে এটা বিরল ঘটনা। আর এটাই ঘটলো ‘সুড়ঙ্গ’ সিনেমার হাত ধরে।
রায়হান রাফী নির্মিত এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় হাজির হলেন টিভি তারকা আফরান নিশো। ফলে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ চরমে। এই আগ্রহের সুবাদে প্রায় সবগুলো হলেই হাউজফুল শো যাচ্ছে এই ছবির।
সিরাজগঞ্জের মিনি থিয়েটার ‘রুটস সিনেক্লাব’-এ রীতিমতো দর্শকের ঢল নেমেছে। কিন্তু সেখানে আসন সংখ্যা কম হওয়ার কারণে বেশি দর্শকের সংকুলান হয় না। ফলে কর্তৃপক্ষ দর্শকের চাপ সামলাতে পারছে না।
এমন অবস্থায় রাত ১টায় ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছে প্রেক্ষাগৃহটি। শনিবার (১ জুলাই) থেকে এই ভিআইপি শো চালাচ্ছেন তারা। খবরটি নিশ্চিত করেছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী।
তিনি বলেন, “সাধারণত দর্শক চাহিদার তুঙ্গে থাকা চলচ্চিত্রগুলো নিয়ে বিভিন্ন দেশে মাঝরাতেও প্রদর্শনী হতে দেখা গেলেও বাংলাদেশে এমন কোনও ইতিহাস আমার জানা নেই! তবে ‘সুড়ঙ্গ’ নিয়ে চাহিদার কারণে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলেছে সিরাজগঞ্জের ‘রুটস্ সিনেক্লাব’। তারা দর্শক চাহিদার কারণে রাত ১টায় বিশেষ ভিআইপি শো নামে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে আজ ১ জুলাই রাত ১টা থেকে। এটি আমার জন্য সুখের, উন্মাদনার, প্রাপ্তির।”
ঈদের দিন (২৯ জুন) দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। মুক্তির দ্বিতীয় দিনেই এর প্রায় ১৫টি শো বেড়েছে স্টার সিনেপ্লেক্সে। দর্শকের এমন আগ্রহ সচরাচর দেখা যায় না।
অবশ্য এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটিও বিপুল দর্শকপ্রিয়তা পাচ্ছে। ঢাকার মধুমিতা কিংবা যশোরের মণিহারের মতো বৃহত্তম প্রেক্ষাগৃহেও ছবিটি হাউজফুল হচ্ছে। যা ঢালিউডের জন্য শুভ ইঙ্গিত বলে মনে করছে সিনেমার মানুষেরা।
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। এছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।







