ঈদুল আজহার সিনেমা হিসেবে গত ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’। এরপরের ঘটনা কম-বেশি সকলের জানা। দেশজুড়ে ছবি দুটি নিয়ে কী উন্মাদনা তৈরি হয়েছে, এমনকি বিদেশের প্রেক্ষাগৃহেও যে জোয়ার দেখা গেছে, তা স্মরণকালের অন্যতম সেরা বটে।
এদিকে মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও এখনও যেন ঝাঁজ কমছে না শাকিব-নিশোর। দেশের প্রেক্ষাগৃহে এখনও তাদের দাপট অব্যাহত রয়েছে। অষ্টম সপ্তাহে অন্তত ১৬টি প্রেক্ষাগৃহে চলবে ‘সুড়ঙ্গ’। তালিকাসমেত সেই তথ্য নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। আর ‘প্রিয়তমা’র নতুন হল তালিকা এখনও প্রকাশ্যে না এলেও জানা গেছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক হলেই চলবে ছবিটি।
এর ফাঁকেই শুক্রবার (১৮ আগস্ট) থেকে ভিন্ন মাত্রার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দেখা যাবে। এগুলো হলো হৃদি হক নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ ও মোহাম্মদ নূরুজ্জামানের ‘আম কাঁঠালের ছুটি’। দুটি সিনেমাই নির্মাতাদ্বয়ের প্রথম প্রজেক্ট।
এর মধ্যে পাঁচটি প্রেক্ষাগৃহে দেখা যাবে শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’। হলগুলো হলো-স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানিগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)। হৃদি হকের ছবিটির পুরো হল তালিকা না পাওয়া গেলেও জানা গেছে এটি স্টার সিনেপ্লেক্স, গ্র্যান্ড সিলেট থিয়েটারসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। তাদের নতুন শো-শিডিউলে দেখা গেছে, অষ্টম সপ্তাহে এসেও প্রতিদিন ‘সুড়ঙ্গ’র ১০টি এবং ‘প্রিয়তমা’র আটটি শো প্রদর্শিত হবে। অন্যদিকে নতুন ছবি ‘১৯৭১ সেই সব দিন’র প্রদর্শনী সংখ্যা পাঁচ এবং ‘আম কাঁঠালের ছুটি’ দেখানো হবে দৈনিক দুইবার।
নিজের ছবিটি নিয়ে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বললেন, ‘গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন, তারা তাদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন। সেই সঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সাথে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা।’
ছবিটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আনকোরা একটি টিম নিয়ে ছবিটি বানিয়েছেন নির্মাতা। প্রযোজনাও করেছেন তিনি নিজেই। মুক্তির আগে এটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
‘১৯৭১ সেই সব দিন’ একটি তারকাবহুল সিনেমা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করছেন হৃদি হক।
ছবিটি নিয়ে নির্মাতার বক্তব্য, ‘মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা।’
বলা প্রয়োজন, ‘১৯৭১ সেই সব দিন’র মূল ভাবনা হৃদি হকের বাবা বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের। ছবিটির জন্য ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলেন হৃদি।





