সাফল্য আর স্বীকৃতি, দুটোয় পরিপূর্ণ জয়া আহসানের চলতি বছর। টলিউডে তার অভিনীত দুটি সিনেমা (অর্ধাঙ্গিনী ও দশম অবতার) পরপর সুপারহিট হয়ে গেছে। ঢালিউডের ‘বিউটি সার্কাস’-এ অভিনয়ের জন্য পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর পাশাপাশি তার ‘নকশীকাঁথার জমিন’ ছবিটি আন্তর্জাতিক কয়েকটি আয়োজনে পুরস্কার ও প্রশংসা পাচ্ছে নিয়মিত।
সেই প্রাপ্তির খাতায় এবার যুক্ত হলো আরও একটি পুরস্কার। যেটা এসেছে দক্ষিণ কোরিয়ার ‘বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উৎসবটির ১৪তম আসর। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ‘বেস্ট ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়েছে ‘নকশীকাঁথার জমিন’।
খবরটি শুনে কলকাতা থেকেই আনন্দ ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে তার সহশিল্পী ও নির্মাতা-কুশলীদের।
‘নকশীকাঁথার জমিন’ নির্মাণ করেছেন আকরাম খান। তিনি বললেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার প্রাপ্তিতে আমি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’
গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলেছে উৎসবটি। এর মধ্যে ২৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় দেখানো হয় ‘নকশীকাঁথার জমিন’। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, প্রায় সাতশ ছবি থেকে বাছাই করে ৮টি ছবিকে সেরা কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন দেওয়া হয়। আর সেখান থেকে পুরস্কারটি এসেছে ঢাকাই ছবিটির ঝুলিতে।
উল্লেখ্য, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির সহপ্রযোজক টিএম ফিল্মস। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। এছাড়াও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি প্রমুখ।
এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ছবিটি। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল এটি।








