সুকণ্ঠী গায়িকা হিসেবে সানিয়া সুলতানা লিজার পরিচিতি রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও মাঝে-মধ্যে শো করতে যান। তেমনই একবার গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আর সেই সফরে পরিচয় ঘটে সবুজ খন্দকারের সঙ্গে। যেই পরিচয় শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে।
যদিও বিয়ের বিষয়টি একান্ত পারিবারিক পর্যায়ে রেখেছেন লিজা ও সবুজ। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে শোবিজ পাড়ায় কানাঘুষা চলছিল। কেননা, বেশ কিছু দিন ধরেই লিজার ছায়াসঙ্গী হয়ে আছেন সবুজ। বিভিন্ন অনুষ্ঠান থেকে পারিবারিক আয়োজন, সবখানেই তারা একত্রে।
শুধু তাই নয়, লিজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও দুজনের যৌথ ছবি। এসব দেখেই বিয়ের বিষয়টি জোরালো হয়। আর তাই বিয়ের খবরটি চেপে না রেখে রবিবার (১৯ নভেম্বর) স্বীকার করে নিলেন লিজা। জানিয়েছেন, বছর খানেক আগেই যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সে আয়োজনে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক কিছু কারণে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেননি বলে জানান লিজা। তবে আসন্ন নির্বাচন শেষে বন্ধু-স্বজন ও শোবিজ সাথীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা করার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন লিজা। এরপর থেকে অডিও এবং সিনেমায় নিয়মিত গান করে আসছেন তিনি। বর্তমানে সংগীত বিষয়ক একটি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন এই গায়িকা।









