আমি স্ট্রাগল করি না: মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬

একবিংশ শতকে বাংলাদেশের সেরা অভিনেতা কে? এই প্রশ্নের জবাবে অধিকাংশের মনেই যে ক’টি নাম আসবে, তার প্রথমটি নিঃসন্দেহে মোশাররফ করিম। প্রায় সব ধরণের চরিত্রে মিশে যাওয়ার যে নিপুণ দক্ষতা তার, তা দর্শক-সমালোচক সবার কাছেই বিস্ময়কর। এই যে চরিত্র থেকে চরিত্রে এভাবে নিজেকে বদলে ফেলা; সেই জার্নি কতটা স্ট্রাগলের? কতখানি সংগ্রাম করতে হয় এর জন্য?

এরকম একটি প্রশ্ন করা হলো মোশাররফ করিমের কাছে। জবাবে তিনি যা বললেন, সেটা হয়ত অনেকে ভেবেও দেখেননি। ‘ক্যারাম’ তারকার ভাষ্য, “আসলে আমি স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না। আমার পরিবার কখনও আমাকে বাজারেও পাঠাতে পারেনি। কখনও কোনও আত্মীয়-স্বজনকে দাওয়াত দিতে যেতে হবে, তখন আমি পালিয়ে যেতাম। কারণ ওখানে যাওয়াটা আমার কাছে ফাও পরিশ্রম মনে হতো। আমি করতাম না এসব। এজন্য বাড়ির সবাই আমাকে ‘কামচোরা’ বলতো। বাকি সবাই করে, আমি করি না।”

এবার এলো অভিনয়ের পরিশ্রম কিংবা স্ট্রাগলের পর্ব। এটা নিয়ে তিনি বলেন, ‘আমি থিয়েটার করার জন্য, অভিনয়ের জন্য প্রচুর পরিশ্রম করেছি; এই পরিশ্রম করার লোকই আমি না এবং আমি করতেও পারতাম না। আমি আসলে ওই পরিশ্রমটাকে ভালোবেসেছি এবং অভিনয়টাকে ভালোবাসি। আমি যদি অভিনয়কে ভালোবাসি, আর এর জন্য প্রতি দিন ১০ মাইল হেঁটে রিহার্সালে যেতে হয় এবং সেই পরিশ্রমে যদি আনন্দ লাগে, তাহলে এটাকে স্ট্রাগল কেন বলবো?’

হঠাৎ এই সংগ্রাম নিয়ে আলোচনার মূলে নতুন একটি সিনেমা। নাম ‘হুব্বা’। এটি নির্মিত হয়েছে কলকাতায়, পরিচালনায় ব্রাত্য বসু। আলোচিত ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। সেই সুবাদেই রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মোশাররফ করিম।

সাংবাদিকদের মুখোমুখি মোশাররফ করিম ‘হুব্বা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এই চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘এই চরিত্রে ঢোকার ক্ষেত্রেও স্ট্রাগল ছিল না। যুদ্ধ করে তো চরিত্রকে জয় করা যায় না। এটাকে স্ট্রাগল না বলে ভালোবাসাই বলবো। ধীরে ধীরে, সময় নিয়ে ভালোবাসি।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

‘হুব্বা’ সিনেমার দৃশ্য এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। এটি আগামী ১৯ জানুয়ারি দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

/কেআই/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো