শেষের ঘটনাগুলো পর্যালোচনা করলে ‘কপাল খারাপ’ বিষয়টি স্পষ্ট হয় বটে। তবে শুরু থেকে তার ক্যারিয়ারগ্রাফ দেখলে যে কেউ চোখ বন্ধ করে বলবেন, এই অভিনেত্রীর কপালটাতে রাজতিলক আঁকা।
সেই অভিনেত্রী এবার আফসোসের সুরে বললেন, ‘আমার কপালটাই খারাপ!’
প্রসঙ্গ তাসনিয়া ফারিণ ও তার কপাল! যাকে বলা হয় সর্বশেষ সর্বোচ্চ সৌভাগ্যবান ঢাকাই অভিনেত্রী ও গায়িকা। যদিও তিনি হুবহু কথাটি মানতে নারাজ। তার ভাষ্যে, ভাগ্যটা নির্ধারণ হয় যোগ্যতা, কর্মে, সততা ও শ্রমে। যেটির সমন্বয় করার চেষ্টা তিনি ডে-ওয়ান থেকে করে এসেছেন। সেই সুবাদে দেশের টিভি আর ওটিটি জয় করে এর মধ্যে অভিষিক্ত হলেন সিনেমাতেও। শুরুটাই হলো টলিউড দিয়ে! গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষ নির্মিত ছবিটি দিয়ে ফারিণ দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
মূলত তখনই (গত বছর সেপ্টেম্বর) ফারিণকে ঘিরে আরও একটি সিনেমার ঘোষণা আসে টলিউড থেকে। নাম ‘পাত্রী চাই’। যেটি নির্মাণ করার কথা ছিলো বলিউডের হিট (লাপাতা লেডিস) চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। কিন্তু প্রযোজকের বিঘ্ন ঘটনায় সেই ছবিটাও বন্ধ হয়ে যায়। যা এখন হিন্দিতে নির্মিত হচ্ছে বলিউড প্রযোজনায়। নির্মাতা একই আছেন, ধারনা করা হচ্ছে বাদ পড়লেন ফারিণ!
সেই শোক কাটাতে না কাটাতে গত ঈদে প্রকাশিত তার গাওয়া প্রথম গান সুপার হিট। কতো সৌভাগ্যবান হলে পরে প্রথম গানেই পেয়েছেন কবির বকুল, তাহসান ও ইমরানের মতো সহশিল্পী। প্রচারণার জন্য পেয়েছেন ‘ইত্যাদি’র মতো প্ল্যাটফর্ম।
এরপর টলিউড থেকে নতুন সুখবরের জন্ম দিলেন সৌভাগ্যবান অভিনেত্রী ফারিণ। জানালেন, নায়ক দেবের বিপরীতে কাজ করবেন ‘প্রতীক্ষা’ নামের সিনেমায়। যা ফারিণের জন্য বড় একটা ব্রেক হতে পারতো। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতায় সেটিও বুঝি ভেস্তে যাচ্ছে ক্রমশ।
অভিনেত্রী জানান, কাজ শুরু করতে সহসাই কলকাতায় হাজির হতে পারছেন না। কারণ আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ। কবে নাগাদ সেটি খুলবে, তাও নিশ্চিত নন কেউ।
গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে। কিন্তু ভিসা ছাড়া তো যাওয়া সম্ভব নয়। কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে সিনেমাটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আমার কপালটাই খারাপ।’
অভিজিৎ পরিচালিত ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে। তবে সেসব প্রস্তুতি শুরু হবে এখন থেকেই কলকাতায়। অথচ তাসনিয়া ফারিণ ছটফট করছেন ঢাকায়।
টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ এখন বড় পর্দার নায়িকা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। সিনেমা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে পশ্চিমবঙ্গে দারুণ জনপ্রিয় ফারিণ। ওটিটিতে ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় ক্যারিয়ারে বিশেষ পালক যোগ করেছে।








