খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা

সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৪:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৬:৩২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সম্প্রতি। যদিও ঘটনাটি সংঘটিত হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল। ঠিক ওই সময়টাতে, মানে ২০১৫ সালের এপ্রিলে এই মামলার অন্যতম আসামি অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় ছিলেন নেপালে!

বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমন চাঞ্চল্যকর তথ্য দেন অভিনেতা। এটাও জানান, তার কাছে এ বিষয়ে সব তথ্য রয়েছে। চাইলে তিনি সেটা জনগণের আদালতেও পেশ করতে পারবেন।

ভিডিও বার্তায় এ বিষয়ে জয় বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে—২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।’

আত্মপক্ষ সমর্থনে জয় বলেন, ‘আমার কাছে সব প্রমাণ আছে, মামলায় উল্লেখিত ১৫ এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপালে যাই। সেসময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে আমি, রুনা খানসহ অনেক তারকা আটকা পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে।’

বাস্তবতার বিপরীতে এমন মামলার আসামি হয়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়। তার ভাষায়, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনও কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারও সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’

যদিও এই ভিডিও বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার জন্য নয়। ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চাওয়া ছিল অভিনেতার মূল লক্ষ্য।   

শাহরিয়ার নাজিম জয় একই ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারায় তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। জয় বলেন, ‌‘ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম।’

এবার জানা গেলো ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার হেতু। কারণ দুদিন আগেও বাংলা ট্রিবিউন মামলাটি প্রসঙ্গে জানতে চায় অভিনেতার কাছে। তিনি তখন এ বিষয়ে কোনও মন্তব্য করতে অপারগতা জানান। ৪৮ ঘণ্টার মাথায় তবে কী এমন ঘটলো, যার জন্য তিনি ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাইলেন জাতির কাছে? সেটির উত্তরও দিলেন অভিনেতা-সঞ্চালক। 

জয় জানান, ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়কের কাছে শিল্পীদের সম্পর্কে জানতে চান তিনি। তিনি খুব সুস্পষ্টভাবে জয়কে বলেছেন, ‘আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন, যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এ আন্দোলনকে সরকারের (আওয়ামী লীগ) হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এ আন্দোলনকে থামানোর, দমানোর। চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত, হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন।’

নাম না প্রকাশ করে ওই নারী সমন্বয়কের বরাত দিয়ে জয় বলেন, ‘আপনারা শিল্পী, যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনও পথ নেই।’

মূলত সমন্বয়কের এই পরামর্শের সূত্র ধরেই শাহরিয়ার নাজিম জয় ভিডিও বার্তায় এসে ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন।

ভিডিওর শেষে বিগত সরকারের আমলে যারা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছেন, সেই প্রকৃত আসামিদের বিচারের দাবিও তুলেছেন জনপ্রিয় এই সঞ্চালক।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন