উপস্থিত দর্শকদের টানা হাততালি আর হর্ষধ্বনিতে ভাসলো মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমার প্রথম শো। ২০ ডিসেম্বর দুপুর দেড়টায় শেষ হয় ‘প্রিয় মালতী’র প্রথম শো। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান উপস্থিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের। সিনেমা শেষে মেহজাবীনকে তুমুল করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান দর্শকরা। গল্পে থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তারা। নানা বয়সী দর্শকদের দেখা গেছে প্রথম শোতে। বয়সের পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও।
কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন অধিকাংশ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন মেহজাবীন ও নির্মাতা। মেহজাবীন বলেন, ‘সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পড়বেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘মাত্র তো প্রথম শো। অনেকেই ভালো বলছেন। এমন আরও অনেকেই মন্তব্য করবেন। এগুলো তো আসা শুরু হলো। আশা করছি দর্শকদের ভালো লাগার কথাই বেশি আসবে। আমি সবাইকে শুধু বলতে চাই, আপনারা ছবিটি দেখতে আসুন, আপনাদের গল্পই বলা হয়েছে সিনেমায়।’
এ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে সিনেমা পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব। ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।
সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড।
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।







