হলিউডের নামিদামি তারকা, অস্কারজয়ী কয়েকজন পরিচালক, এশিয়ান হেভিওয়েট নির্মাতা ও ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আশা করা হচ্ছে, লালগালিচায় আলো ছড়াবেন বিখ্যাত তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য– জুলিয়া রবার্টস, কেট ব্ল্যানচেট, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, অ্যান্ড্রু গারফিল্ড, আমান্ডা সাইফ্রেড প্রমুখ।
বিশ্বের এই প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরে থাকছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট-হাউস ড্রামা, নতুনধারার নিরীক্ষা, প্রামাণ্যচিত্র ও আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানের লগ্নিকৃত সমৃদ্ধ সিনেমার সমাহার। স্বর্ণসিংহ পুরস্কারের জন্য প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্বাচিত ২১টি চলচ্চিত্র। মঙ্গলবার (২২ জুলাই) এই তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বড় বাজেটের প্রযোজনার সঙ্গে আর্ট-হাউস চলচ্চিত্রের সংমিশ্রণ ঘটিয়েছে আয়োজকরা।
স্বর্ণসিংহ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে ভেনিসে নিজেদের নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হবেন আমেরিকান নির্মাতা ক্যাথরিন বিগেলো, জিম জারমাশ, নোয়া বামব্যাক ও বেনি সাফদি, ইউরোপের শীর্ষস্থানীয় নির্মাতা ইয়োর্গোস লান্তিমোস, পাওলো সরেন্তিনো ও লাজলো নেমেস, এশিয়ার পার্ক চ্যান-উক ও শু কি।
পুতিনের বায়োপিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্থানের সময় রাজনৈতিক থ্রিলার ‘দ্য উইজার্ড অব ক্রেমলিন’ মূল প্রতিযোগিতার আলোচিত ছবি। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের অলিভিয়ের অ্যাসায়াস। এতে পুতিনের ভূমিকায় দর্শকদের সামনে আসছেন ব্রিটিশ তারকা জুড ল। এতে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা পল ড্যানো ও সুইডিশ অভিনেত্রী আলিসিয়া ভিকান্দার।
ভেনিসে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটারের বায়োপিক। বেনি সাফদি পরিচালিত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ নামের ছবিটিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট।
অষ্টাদশ শতকের শেকার সমাজের একজন নেতার জীবন অবলম্বনে নির্মিত সংগীতনির্ভর ছবি ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’তে অভিনয় করেছেন আমান্ডা সাইফ্রেড। যীশুখ্রিস্টের দ্বিতীয় আবির্ভাবে বিশ্বাসীরা ‘শেকার্স’ নামে পরিচিত ছিল। ছবিটি পরিচালনা করেছেন নরওয়ের মোনা ফাস্টফোল্ড।
নেটফ্লিক্সের ফেরা
গত বছর ভেনিস উৎসব এড়িয়ে গেছে নেটফ্লিক্স। তবে এবারের আসরে মহাসমারোহে ফিরে আসছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মূল প্রতিযোগিতা বিভাগে আছে নেটফ্লিক্সের তিনটি ছবি। এরমধ্যে অন্যতম আকর্ষণ কালজয়ী ভৌতিক গল্প নিয়ে গিয়ের্মো দেল তোরো পরিচালিত ‘ফ্রাঙ্কেনস্টাইন’। এতে অভিনয় করেছেন আমেরিকান তারকা অস্কার আইজ্যাক, অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি ও ব্রিটিশ তারকা মিয়া গোথ।
নেটফ্লিক্সের আরেক আকর্ষণ নোয়া বামব্যাকের কমেডি-ড্রামা ‘জে কেলি’। অভিনয়ে তিন আমেরিকান তারকা জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার ও লরা ডার্ন। ২০১০ সালে অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জয়ী ক্যাথেরিন বিগেলো পরিচালনা করেছেন নেটফ্লিক্সের ভূ-রাজনৈতিক থ্রিলার ‘অ্যা হাউস অব ডাইনামাইট’। এতে অভিনয় করেছেন ইড্রিস অ্যালবা ও রেবেকা ফার্গুসন।
পরিবারকেন্দ্রিক গল্প
অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী এমা স্টোন আবারও ইয়োর্গোস লানতিমোসের চলচ্চিত্র নিয়ে ভেনিসে ফিরছেন। ‘পুয়োর থিংস’ ও ‘কাইন্ড অব কাইন্ডনেস’-এর পর তাদের নতুন ছবি ‘বুগোনিয়া’ নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। এটি হলো ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র ‘সেভ দ্য গ্রিন প্লানেট!’-এর ইংরেজি ভাষার রিমেক।
হাঙ্গেরির দুই প্রজন্মের দুই নির্মাতার নতুন ছবি জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতায়। এরমধ্যে লাজলো নেমেস পরিচালিত ‘অরফান’ আরেকটি পারিবারিক ড্রামা। এছাড়া আছে ইলদিকো আনিয়েদি পরিচালিত ‘সাইলেন্ট ফ্রেন্ড’।
আমেরিকার স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জিম জারমাশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’-এ দেখা যাবে ভেঙে যাওয়া পরিবারের গল্প। এতে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান তারকা কেট ব্ল্যানচেট, লাক্সামবার্গিশ-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস, আমেরিকান তারকা অ্যাডাম ড্রাইভার ও আমেরিকান সংগীতশিল্পী-অভিনেতা টম ওয়েটস।
স্বাগতিক ও ফরাসি সৌরভ
আগামী ২৭ আগস্ট শুরু হবে উৎসবটি। অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস) প্রদর্শনের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। এটি রয়েছে মূল প্রতিযোগিতায়। মূল প্রতিযোগিতায় আরও আছে ইতালির লিওনার্দো ডি কসতাঞ্চোর ‘এলিসা’, পিয়েত্রো মার্চেল্লোর ‘দুসে’, ফ্রাঙ্কো মারেসকো পরিচালিত ‘অ্যা ফিল্ম মেড ফর বেনে’ ও জিয়ানফ্রাঙ্কো রজি পরিচালিত ‘আন্ডার দ্য ক্লাউডস’।
আলবার্ট কামুর বিখ্যাত উপন্যাস ‘দ্য স্ট্রেঞ্জার’ নিয়ে নতুন ছবি বানিয়েছেন ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া অজোঁ। তার স্বদেশি ভালেরি দোঁজেলি পরিচালিত ‘অ্যাট ওয়ার্ক’ মূল প্রতিযোগিতায় লড়বে। তিনিসহ ছয় নারী স্বর্ণসিংহ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এশিয়ান প্রতিনিধি
‘গার্ল’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন তাইওয়ানিজ অভিনেত্রী শু কি। এটি আছে মূল প্রতিযোগিতায়। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান উক পরিচালিত ‘নো আদার চয়েস’। এতে অভিনয় করেছেন ‘স্কুইড গেম’ তারকা লি বিয়াং হান। মূল প্রতিযোগিতায় এশিয়া থেকে আরও আছে চীনের কাই শংচুন পরিচালিত ‘দ্য সান রাইজেস অন আস অল’।
ফিলিস্তিনি কন্যাশিশুর মর্মান্তিক গল্প
২০২৪ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া একটি গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার পর নিহত হয় ৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু। সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ রয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। তিউনিসিয়ার কাউতার বেন হানিয়া ছবিটি নির্মাণে ব্যবহার করেছেন মূল জরুরি পরিষেবার রেকর্ডিং। ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা মনে করেন, এবারের আসরে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই ছবি।
বিচারকের আসনে
মূল প্রতিযোগিতা বিভাগে জুরি সভাপতি (বিচারকদের প্রধান) হিসেবে থাকবেন খ্যাতিমান আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন ইরানি পরিচালক-লেখক মোহাম্মদ রাসুলফ, ব্রাজিলিয়ান অভিনেত্রী, লেখক ও চিত্রনাট্যকার ফার্নান্দা তোরেস, ফরাসি পরিচালক-চিত্রনাট্যকার স্তেফান ব্রিজে, ইতালিয়ান পরিচালক-চিত্রনাট্যকার মাউরা দেলপেরো, রোমানিয়ান পরিচালক, লেখক ও প্রযোজক ক্রিস্টিয়ান মুনজিউ এবং চীনা অভিনেত্রী জাও তাও।
অরিজন্তি (হরাইজন্স) বিভাগে মূল বিচারক থাকছেন কান উৎসবে স্বর্ণপাম জয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো। সেরা নতুন পরিচালকের পুরস্কার লুইজি দে লাউরেন্তিস বিভাগে প্রধান বিচারক থাকছেন চার্লোট ওয়েলস।
প্রতিযোগিতার বাইরে
ভেনিসের লালগালিচায় প্রথমবার পা রাখতে যাচ্ছেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টস। মিটু আবহে নির্মিত মনস্তাত্ত্বিক ড্রামা ‘আফটার দ্য হান্ট’ ছবির প্রচারণায় থাকবেন তিনি। ইতালির লুকা গুয়াদানিনোর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড ও আয়ো এডেবিরি।
ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট অভিনীত ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’ দেখানো হবে প্রতিযোগিতার বাইরে। জুলিয়ান শ্নাবেল পরিচালিত ছবিটিতে রয়েছে একঝাঁক তারকা। তারা হলেন জেরার্ড বাটলার, অস্কার আইজ্যাক, আল পাচিনো, জেসন মোমোয়া, মার্টিন স্করসেসি ও জন ম্যালকোভিচ।
আল পাচিনোর আরেক ছবি “ডেড ম্যান’স ওয়্যার”-এর উদ্বোধনী প্রদর্শনী হবে প্রতিযোগিতার বাইরে। এটি পরিচালনা করেছেন গ্যাস ফন স্যান্ট।
পুরস্কার মৌসুমের সংকেত
ভেনিস উৎসবের মাধ্যমেই প্রতিবছর হলিউডের পুরস্কার মৌসুম শুরুর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। গত চার বছরে এই আয়োজনে উদ্বোধনী প্রদর্শনী হওয়া চলচ্চিত্রগুলো অস্কারে ৯০টিরও বেশি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে প্রায় ২০টি জিতেছে। অস্কারের গত নয়টি আসরে সেরা অভিনেত্রী কিংবা সেরা অভিনেতার পুরস্কার জয়ী আটবার ভেনিসে প্রথম প্রদর্শিত ছবির অভিনয়শিল্পীদের হাতে উঠেছে। এরমধ্যে ২০২৪ সালে ‘পুয়োর থিংস’ ছবিতে ভূমিকার জন্য স্টোন রয়েছে।
ভেনিস ক্ল্যাসিক
ধ্রুপদি ছবির বিভাগ ভেনিস ক্ল্যাসিকে দেখানো হবে ভারতের বিমল রায় পরিচালিত ‘দো বিঘা জমিন’। এর পুনরুদ্ধার করা সংস্করণের প্রদর্শনীতে অংশ নেবেন বিমল রায়ের ছেলে জয় বিমল রায়, মেয়ে রিংকি রায় ভট্টাচার্য ও অপরাজিতা রায় সিনহা, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। ১৯৫৩ সালের ছবিটি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, দ্য ক্রাইটেরিয়ন কালেকশন ও জেনাস ফিল্মসের যৌথ প্রচেষ্টায় পুনরুদ্ধার করা হয়েছে।
১৯৫৪ সালে কান উৎসবে ‘দো বিঘা জমিন’-এর প্রিঁ ইন্টারন্যাশনাল জয় ভারতীয় চলচ্চিত্রের জন্য ছিল একটি মাইলফলক। এটি ভারতে চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে দেয়। কানের পর কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে ছবিটি। এছাড়া প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক বিভাগে পুরস্কার জিতেছে ‘দো বিঘা জমিন’।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুই বিঘা জমি’ ও সলিল চৌধুরীর ‘রিকশাওয়ালা’ গল্প অবলম্বনে নির্মিত ‘দো বিঘা জমিন’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন হৃষিকেশ মুখার্জি। এতে অভিনয় করেছেন বলরাজ সাহানি, নিরুপা রায়, মীনা কুমারী, মেহমুদ, নানা পালসিকার, রতন কুমার, জগদীপ, নাসির হুসেন, মুরাদ।
ভেনিস ক্ল্যাসিকে নির্বাচিত ছবির তালিকায় আরও আছে স্ট্যানলি কুবরিকের ‘ললিতা’ (১৯৬২), ক্রিস্তফ কিসলোস্কির ‘ব্লাইন্ড চেঞ্জ’ (১৯৮১), পেদ্রো আলমোদোভারের ‘ম্যাটাডর’ (১৯৮৬) প্রভৃতি।
উদ্বোধনী-সমাপনী
ইতালির ভেনিস লিদো দ্বীপের পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি। ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পাবেন খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগ ও আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’র (১৯৫৮) আমেরিকান অভিনেত্রী কিম নোভাক। ১১ দিনের এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।






