রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন

জনি হক
জনি হক
২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩০

এবারের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার শুরুতে এল ফ্যানিংয়ের (সেরা পার্শ্ব অভিনেত্রী) নাম শুনে পুরস্কার বিশ্লেষকরা রীতিমতো চমকে ওঠেন! নরওয়েজিয়ান পারিবারিক গল্পের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’তে অভিনয়ের জন্য আমেরিকান এই অভিনেত্রী প্রশংসা কুড়ালেও খুব কম বিশ্লেষকই তার মনোনয়ন পাওয়ার ব্যাপারে অনুমান করতে পেরেছিলেন। ফলে মনোনয়ন তালিকা ঘোষণার শুরুটাই ইঙ্গিত দেয়– এবারের আসরে থাকছে একের পর এক চমক! এর ফলে জন্ম নিয়েছে বেশ কিছু নতুন রেকর্ড। মনোনয়ন তালিকায় কিছু তারকার বাদ পড়া যেমন হতবাক করার মতো, একইভাবে কয়েকটি বিভাগে অ-ইংরেজি ভাষার ছবির উপস্থিতি বেশ চমকপ্রদ।

২০২৫ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সেরা তারকাদের সম্মান জানাতে এবারের অস্কার দেওয়া হবে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে ‘সিনার্স’। দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি করে মনোনয়ন পেয়েছে ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ‘হ্যামনেট’ মনোনীত হয়েছে ৮টি বিভাগে।

মনোনয়ন দৌড়ে এগিয়ে
· সিনার্স–১৬
· ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার–১৩
· মার্টি সুপ্রিম–৯
· ফ্রাঙ্কেনস্টাইন–৯
· সেন্টিমেন্টাল ভ্যালু–৯
· হ্যামনেট–৮

কিংবদন্তির পাশে টিমোতি শালামে
মহান হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন টিমোতি শালামে! গত বছর এসএজি অ্যাওয়ার্ডসে তিনি বলেছিলেন, একদিন হলিউডের কিংবদন্তিদের একজন হিসেবে বিবেচিত হওয়াই তার স্বপ্ন। এবারের অস্কারে সেই লক্ষ্যের আরও অনেক কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। টেবিল-টেনিসভিত্তিক ছবি ‘মার্টি সুপ্রিম’-এর জন্য জন্য সেরা অভিনেতা বিভাগে স্পষ্টভাবে এগিয়ে আছেন ফরাসি-কানাডিয়ান এই তারকা। তার প্রথম অস্কারজয়ের সম্ভাবনা প্রবল। এর আগে দু’বার মনোনয়ন পেয়ে খালি হাতে ফিরলেও অ্যাকাডেমির কাছে এই তরুণের গ্রহণযোগ্যতা দারুণ। কারণ তিনি অভিনয় করেছেন এমন আটটি ছবি অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। এছাড়া মার্লন ব্র্যান্ডোর পর তিনিই সবচেয়ে কম বয়সী অভিনেতা, যিনি সেরা অভিনেতা বিভাগে তিনবার মনোনয়ন পেয়েছেন। ব্র্যান্ডো ১৯৫৪ সালে ৩০ বছর বয়সে তৃতীয়বার অস্কারে মনোনীত হন। শালামের বয়সও এখন ৩০ বছর! গত বছর ‘অ্যা কমপ্লিট আননোন’ ছবিতে বব ডিলানের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। পুরস্কার বিশ্লেষকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ২০২৬ হবে টিমোতি শালামের রাজত্বের বছর!

‘মার্টি সুপ্রিম’ নির্মাণ করেছেন জশ স্যাফডি। তিনি মোট চারটি বিভাগে মনোনীত হয়েছেন। এরমধ্যে রয়েছে সেরা পরিচালনা, সেরা চলচ্চিত্র প্রযোজনা, সেরা সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্য। গত বছর শন বেকার ‘আনোরা’র জন্য এসব বিভাগে একাই চারটি অস্কার জিতে রেকর্ড গড়েন।

সেরা অভিনেতা বিভাগে টিমোতি শালামের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর প্রথমবার অস্কার মনোনীত মাইকেল বি. জর্ডান। তিন জনের মধ্যে দেখা যেতে পারে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে কর্তৃত্ববাদী মার্কিন শাসনের বিরুদ্ধে লড়াই করা এক বিপ্লবীর চরিত্রে অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন, যার অতীত শেষ পর্যন্ত তাকে তাড়া করে ফিরে আসে। সেরা অভিনেতা বিভাগে মনোনীত বাকি দুই জনের মধ্যে ‘ব্লু মুন’ তারকা ইথান হক পঞ্চমবারের মতো অস্কার মনোনয়ন পেলেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের প্রশংসা
ক্লেবার মেনডোনচা ফিলো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভাগনার মোরা। এটাই তার প্রথম অস্কার মনোনয়ন। ছবিটির প্রশংসা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘সীমানা পেরিয়ে বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নেওয়া আমাদের সংস্কৃতি, প্রতিভা ও গল্প বলার ক্ষমতারই জয়। ভাগনার মোরার প্রচুর প্রতিভা আছে। গোল্ডেন গ্লোবের পর এবার তিনি অস্কার জিততেই পারেন।’

আশার প্রতীক অভিনেত্রীরা
তিন অভিনেত্রীর সুবাদে তাদের ছবিগুলোর কপালে জুটেছে একটি করে মনোনয়ন। মাতৃত্বকে কেন্দ্র করে নির্মিত ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’র একমাত্র প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার রোজ বার্ন। এটাই তার প্রথম অস্কার মনোনয়ন। আমেরিকান সংগীতশিল্পী নীল ডায়মন্ড ট্রিবিউট ব্যান্ড লাইটনিং অ্যান্ড থান্ডারকে ঘিরে নির্মিত হৃদয়ছোঁয়া প্রেমকাহিনি ‘সং সাং ব্লু’র জন্য ২৫ বছর পর মনোনয়ন পেয়েছেন কেট হাডসন। সর্বশেষ ২০০১ সালে ‘অলমোস্ট ফেমাস’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হন তিনি।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত অ্যামি ম্যাডিগ্যানের সুবাদে ‘ওয়েপন্স’ ছবিটি আছে তালিকায়। এর গল্পে আমেরিকার একটি শহরে ঠিক তখনই এক অদ্ভুত খেয়ালী চাচি হাজির হয়, যখন স্থানীয় স্কুলের শিশুরা রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর মনোনয়ন প্রাপ্তিকে সবচেয়ে উল্লেখযোগ্য বলা যায়, কারণ ভীতি জাগানো ভৌতিক ছবি সাধারণত অ্যাকাডেমি সদস্যদের পছন্দের তালিকায় থাকে না। ৪০ বছর পর দ্বিতীয়বার অস্কারে মনোনয়ন পেলেন অ্যামি ম্যাডিগ্যান। ১৯৮৫ সালে ‘টোয়াইস ইন অ্যা লাইফটাইম’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হন তিনি। অভিনয়ে দুটি মনোনয়নের মধ্যে এত দীর্ঘ ব্যবধানের দিক থেকে এটি তৃতীয়। এর আগে আমেরিকান অভিনেতা জুড হার্শ সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ৪২ বছর ও প্রয়াত আমেরিকান অভিনেতা হেনরি ফন্ডা সেরা অভিনেতা বিভাগে ৪১ বছর পর মনোনীত হন।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অ্যামি ম্যাডিগ্যানের চার প্রতিদ্বন্দ্বী এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু), ইঙ্গা ইবসডেটের লিলোস (সেন্টিমেন্টাল ভ্যালু), উনমি মোসাকু (সিনার্স) ও টিয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) অস্কারে প্রথমবার মনোনীত হয়েছেন।

সেরা অভিনেত্রী বিভাগে ‘বুগোনিয়া’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন ৩৭ বছর বয়সী এমা স্টোন। এছাড়া ‘বুগোনিয়া’র প্রযোজক হিসেবে সেরা চলচ্চিত্র বিভাগে আছে তার নাম। সব মিলিয়ে সবচেয়ে কম বয়সী নারী হিসেবে সাতটি অস্কার মনোনয়ন অর্জনের রেকর্ড গড়েছেন এই আমেরিকান তারকা। এরমধ্যে দু’বার সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন তিনি। রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন শেক্সপিয়রের পরিবারে অনুপ্রাণিত
সেরা অভিনেত্রী বিভাগে জেসি বাকলি প্রত্যাশিতভাবে মনোনীত হয়েছেন। পুরস্কার জয়ের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। অবশ্য এবারের আসরে সেরা অভিনেত্রী বিভাগটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ে চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন ৩৬ বছর বয়সী এই আইরিশ তারকা।

‘হ্যামনেট’-এর জন্য সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন চীনের ক্লোয়ি জাও। অস্কারের ইতিহাসে এটি সেরা পরিচালনায় নারীদের ১১তম মনোনয়ন। ক্লোয়ি জাওয়ের এটি সেরা পরিচালক হিসেবে দ্বিতীয় মনোনয়ন। ‘নোম্যাডল্যান্ড’ ছবির সুবাদে এই বিভাগে অস্কার জিতেছেন তিনি। তার আগে অস্কারের ইতিহাসে সেরা পরিচালক বিভাগে দু’বার মনোনীত হওয়ার কৃতিত্ব অর্জন করেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন (দ্য পিয়ানো, দ্য পাওয়ার অব দ্য ডগ)। ক্লোয়ি জাও ছাড়া নারীদের মধ্যে কেবল ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার, ২০০৮) সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছেন। 

সেরা পরিচালক বিভাগে ক্লোয়ি জাওয়ের প্রতিদ্বন্দ্বী জশ স্যাফডি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইওয়েকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু) ও রায়ান কুগলার (সিনার্স)। তাদের মধ্যে পল টমাস অ্যান্ডারসন এগিয়ে আছেন। নিজের ছবিতে বর্তমান যুক্তরাষ্ট্রের জটিল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন তিনি।

শেক্সপিয়রের ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুর পর তাঁর পরিবারের মানসিক অভিঘাত তুলে ধরা হয়েছে ছবিটিতে। ইতিহাসবিদদের মতে, সেই ঘটনা নাট্যকারকে ‘হ্যামলেট’ লেখায় অনুপ্রাণিত করেছিল। নর্দার্ন আইরিশ লেখিকা ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস ‘হ্যামনেট’ অবলম্বনে চিত্রনাট্য রচনার জন্য লেখকের সঙ্গে যৌথভাবে সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্লোয়ি জাও।

সেরা চলচ্চিত্র বিভাগে চমকে দিতে পারে ‘হ্যামনেট’। এ নিয়ে টানা সাত আসরে সেরা চলচ্চিত্র বিভাগে নারী পরিচালকদের অন্তত একটি হলেও ছবি মনোনয়ন পেয়েছে। ‘হ্যামনেট’-এর অন্যতম প্রযোজক খ্যাতিমান নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ছবিটি অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হওয়ায় প্রযোজক হিসেবে রেকর্ড ১৪ বার মনোনয়ন পেলেন তিনি। ১৯৫১ সাল থেকে মনোনীত হিসেবে প্রযোজকদের নাম উল্লেখ করছে অ্যাকাডেমি। সেই থেকে গত ৭৫ বছরে স্পিলবার্গের চেয়ে আর কোনও প্রযোজক এতবার মনোনীত হননি। 

বড় চমক ফর্মূলা ওয়ান
সেরা চলচ্চিত্র বিভাগে ‘এফওয়ান’-এর জায়গা পাওয়া এবারের আসরে সবচেয়ে বড় চমক। ছবিটিতে অবসর থেকে ফিরে আসা এক রেসিং ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এছাড়া তিনি অন্যতম প্রযোজক। তাই সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়নে আছে তার নাম। এ নিয়ে চারবার একই বিভাগে মনোনীত হলেন তিনি। এরমধ্যে ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ’ (২০১৩) ছবির জন্য সেরা চলচ্চিত্র বিভাগের অস্কার গেছে তার ঘরে। এছাড়া ‘মানিবল’ (২০১১) ও ‘দ্য বিগ শর্ট’ (২০১৫) ছবি দুটির জন্য সেরা প্রযোজক হিসেবে মনোনয়ন পান তিনি। তিনটি ছবিতেই পর্দায়ও দেখা গেছে তাকে।

যদিও অস্কারের জন্য ‘এফওয়ান’কে একেবারে অপ্রত্যাশিত ছবি বলা যাবে না। চমৎকার কাজের সুবাদে কারিগরি কয়েকটি বিভাগে ছবিটির মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা দেখেছিলেন পুরস্কার বিশ্লেষকরা। তবে এটি সেরা চলচ্চিত্র বিভাগে জায়গা করে নেওয়ায় অবাক অনেকে। এতে বোঝা যায়, অ্যাকাডেমির পুরোনো প্রজন্মের সদস্যরা এখনও এমন মানসম্পন্ন চলচ্চিত্রকে গুরুত্ব দেয়, যেগুলো পপকর্ন খেতে খেতে উপভোগ করা যায়। যদিও সেরা পরিচালক কিংবা অভিনয়সহ সামনের সারির কোনও বিভাগে মনোনয়ন পায়নি ‘এফওয়ান’। 

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ১০টি ছবির মধ্যে সর্বাধিক আয় করেছে ‘এফওয়ান’।  বিশ্বব্যাপী এর টিকিট বিক্রি থেকে এসেছে ৬৩ কোটি ২০ লাখ ডলার। ‘সিনার্স’ আয় করেছে ৩৬ কোটি ৮০ লাখ ডলার। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির আয়ের পরিমাণ ২০ কোটি ৬০ লাখ ডলার। বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র টিকিট বিক্রি হয়েছে ১ কোটি ৬০ লাখ ডলারের।

৫০ বছর পর অ-ইংরেজি ছবির নতুন রেকর্ড
এবারের আসরে অ-ইংরেজি ভাষার ছবির মধ্য থেকে রেকর্ডসংখ্যক চার জন অভিনয়শিল্পী মনোনীত হয়েছেন। তারা হলেন– ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবির অভিনেতা ভাগনার মোরা, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির তিন তারকা রেনাটে রাইন্সভে, ইঙ্গা ইবসডটের লিলোস ও স্টেলান স্কর্সগার্ড। সর্বশেষ ১৯৭৬ সালে অ-ইংরেজি ভাষার ছবির মধ্যে তিন জন অভিনয়শিল্পীর মনোনয়ন পাওয়ার রেকর্ড ছিল। রেনাটে রাইন্সভে এবারই প্রথম অস্কার মনোনয়ন পেলেন।

সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে স্টেলান স্কর্সগার্ড অস্কারের ইতিহাসে অ-ইংরেজি ভাষার ছবির প্রথম অভিনয়শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন। ৭৪ বছর বয়সী এই সুইডিশ তারকার প্রতিদ্বন্দ্বী বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জ্যাকব এলোর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন), ডেলরয় লিন্ডো (সিনার্স), শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)। তাদের মধ্যে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির দুই তারকা এর আগে অস্কার জিতেছেন। বাকি দুই তারকার এটাই প্রথম অস্কার মনোনয়ন। 

‘সেন্টিমেন্টাল ভ্যালু’র তিন অভিনয়শিল্পী প্রথমবার অস্কার মনোনয়ন পেলেও তাদের নির্বাচন করা দুই কাস্টিং ডিরেক্টর (আভি কাউফম্যান ও ইংভিল কোলসেট হাগা) জায়গা পাননি নতুন চালু হওয়া সেরা কাস্টিং বিভাগে। এ কারণে খানিকটা হতবাক বিশ্লেষকরা। ২৫ বছর পর অস্কারে নতুন কোনও বিভাগ চালু হলো। সর্বশেষ ২০০১ সালে সেরা অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ চালু করে অ্যাকাডেমি। যেকোনও ছবির দর্শন ও সামগ্রিক সাফল্যে কাস্টিং ডিরেক্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে নতুন পুরস্কারটি প্রদান করা হবে। সেরা কাস্টিং বিভাগে মনোনয়ন পেয়েছে এবারের অস্কার দৌড়ে এগিয়ে থাকা ‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ ও ‘হ্যামনেট’।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ছবিগুলোর মধ্যে দুটি অ-ইংরেজি ভাষার। এগুলো হলো নরওয়ের পারিবারিক গল্প ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ব্রাজিলের রাজনৈতিক থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগেও রয়েছে ছবি দুটি। এ নিয়ে অস্কারের এই দুই বিভাগে একসঙ্গে স্থান পাওয়া অ-ইংরেজি ভাষার ছবির সংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার বং জুন হো পরিচালিত ‘প্যারাসাইট’ একমাত্র ছবি হিসেবে এই দুই বিভাগেই অস্কার জিতেছে।

সর্বশেষ ২০২৪ সালে কান উৎসবে স্বর্ণপাম জিতে সেরা চলচ্চিত্র বিভাগের অস্কার জিততে পেরেছে ‘আনোরা’। গত বছর কানে স্বর্ণপাম জয়ী ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এবারের আসরে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে মনোনীত হলেও সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা পায়নি।

টানা অষ্টমবারের মতো অন্তত একটি হলেও অ-ইংরেজি ভাষার ছবি সেরা চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিয়েছে। ইরানের জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সুবাদে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ফ্রান্স রেকর্ডসংখ্যক ৪০টি মনোনয়ন পেলো। ৩০টি মনোনয়ন নিয়ে দুই নম্বরে আছে ইতালি। দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েস’ সমালোচকদের প্রশংসা কুড়ালেও অস্কারে কোনও মনোনয়ন পায়নি।

অ-ইংরেজি ভাষার ছবি স্পেনের ‘সিরাট’ সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‍ও সেরা শব্দ বিভাগে মনোনীত হয়েছে। ছবিটির শব্দ বিন্যাস করেছেন লাইয়া কাসানোভাস, আমান্ডা ভিয়াভিয়েহা ও ইয়াসমিনা প্রাদেরাস। সেরা শব্দ বিভাগে (সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিং তত্ত্বাবধান ও পুনঃরেকর্ডিং মিক্সিং) মনোনয়ন পাওয়া পুরো নারী টিম এটাই প্রথম। এবারের আসরে মোট ৮৬ দেশের ছবি সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের জন্য বিবেচিত হয়েছে।

সম্ভাবনা জাগিয়ে বাদ পড়া
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘হ্যামনেট’ যথাক্রমে ৯টি ও আটটি মনোনয়ন পেলেও অভিনয় বিভাগে প্রত্যাশার তুলনায় দুটি ছবিরই উপস্থিতি কিছুটা কম। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের ভূমিকায় অভিনয়ের জন্য আইরিশ তারকা পল মেসকাল সমালোচকদের প্রশংসা পেলেও সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জায়গা পাননি। তার এই মনোনয়ন না পাওয়া নিঃসন্দেহে বড় আপসেট।

অন্যদিকে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর চার তারকা (ডিক্যাপ্রিও, বেনিসিও দেল তোরো, শন পেন ও টিয়ানা টেলর) মনোনীত হলেও ছবিটিতে দারুণ অভিনয়ের সুবাদে রাতারাতি খ্যাতি ও ব্যাপক প্রশংসা পাওয়া চেস ইনফিনিটি সেরা অভিনেত্রী বিভাগে জায়গা পাননি। যদিও ২৫ বছর বয়সী এই তারকাকে শক্তিশালী দাবিদার ভাবা হয়েছিল।

মনোনয়ন পেতে ব্যর্থ আরেক তারকা জেনিফার লরেন্স (ডাই মাই লাভ)। অন্যান্য আলোচিত ছবির মধ্যে উপেক্ষিত হয়েছে ব্র্যাডলি কুপার পরিচালিত ‘ইজ দিস থিং অন?’, জর্জ ক্লুনির ‘জে কেলি’ ও সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনের বায়োপিক ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’। 

আরও দুই অভিনেতার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোরালো থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন। তারা হলেন– ‘বুগোনিয়া’র জেসি প্লেমন্স ও ‘ট্রেন ড্রিমস’ তারকা জোল এজারটন। তবে তাদের দুটি ছবিই সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। এতে প্রমাণিত হয়, ছবিগুলো সামগ্রিকভাবে অ্যাকাডেমি সদস্যদের মন জয় করেছে।

‘উইকেড’ সিক্যুয়েলের ভরাডুবি
ঠিক এক বছর আগে অস্কারে ১০টি মনোনয়ন পেয়েছিল ‘উইকেড’। এরমধ্যে পুরস্কার জিতেছে দুটি বিভাগে। কিন্তু ছবিটির সিক্যুয়েল ‘উইকেড: ফর গুড’-এর কোনও জায়গা হয়নি এবার। যদিও অভিনয় বিভাগে আমেরিকান তারকা আরিয়ানা গ্র্যান্ডে ও ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভোর জায়গা পাওয়ার মোটামুটি সম্ভাবনা ছিল। কিন্তু দ্বিতীয় কিস্তি আগের ছবির মতো অত প্রশংসা কুড়ায়নি। ফলে অ্যাকাডেমি সদস্যদেরও বশীভূত করতে পারেনি। মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ছবিটির দ্বিতীয় পর্বকে প্রথম পর্বের তুলনায় দুর্বল মনে করেন সমালোচকরা। তবুও ‘উইকেড: ফর গুড’ কিছু বিভাগে মনোনয়ন পেতে পারে ভেবেছিলেন বিশ্লেষকরা। বিশেষ করে আরিয়ানা গ্র্যান্ডের গাওয়া ‘দ্য গার্ল ইন দ্য বাবল’ সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পাবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। শেষ পর্যন্ত বাদ পড়েছে ছবিটি।

গান, অ্যানিমেশন ও অন্যান্য
গত বছরের আরেক ব্লকবাস্টার ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিতে মাইলি সাইরাসের গাওয়া ‘ড্রিম অ্যাজ ওয়ান’ মনোনয়ন পায়নি। তবে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ কারিগরি বিভাগগুলোর মধ্যে ভিজ্যুয়াল ইফেক্টস ও কস্টিউম ডিজাইনে মনোনয়ন পেয়েছে। ব্লকবাস্টার দুটি ছবি রয়েছে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে। এগুলো হলো– ১৭০ কোটি ডলার আয় করা ‘জুটোপিয়া টু’ ও নেটফ্লিক্সের বৈশ্বিক জনপ্রিয়তা পাওয়া ‘কেপপ ডিমন হান্টার্স’। সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ‘কেপপ ডিমন হান্টার্স’-এর মেগা-হিট ‘গোল্ডেন’।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনীত ‘আর্কো’র অন্যতম প্রযোজক অভিনেত্রী নাটালি পোর্টম্যান। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য এবারই প্রথম মনোনয়ন পেলেন তিনি। সব মিলিয়ে এটি তার চতুর্থ অস্কার মনোনয়ন। বাকি তিনটিই অভিনয়ের জন্য পেয়েছেন ৪৪ বছর বয়সী এই ইসরায়েলি-আমেরিকান তারকা।

রেডিওহেড ব্যান্ডের গিটারিস্ট জনি গ্রিনউড ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা মৌলিক আবহ সংগীত বিভাগে মনোনীত হয়েছেন।

‘ডায়েন ওয়ারেন: রিলেন্টলেস’ প্রামাণ্যচিত্রের ‘ডিয়ার মি’র সুবাদে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছেন এর গীতিকার ও সুরকার ডায়েন ওয়ারেন। এ নিয়ে টানা ৯ আসরে এই মনোনয়ন পেয়েছেন তিনি। সব মিলিয়ে তার অস্কার মনোনয়ন প্রাপ্তির সংখ্যা ১৭টি। আগের ১৬ বারই অবশ্য খালি হাতে ফিরতে হয়েছে তাকে। একই বিভাগে সর্বাধিক ২৬টি মনোনয়ন পেয়েছেন প্রয়াত স্যামি কান। ১৮টি মনোনয়ন নিয়ে তালিকার দুই নম্বরে আছেন প্রয়াত জনি মার্সার।

‘ডিয়ার মি’ ছাড়াও সেরা মৌলিক গান বিভাগে মনোনীত ‘সুইট ড্রিমস অব জয়’ একটি প্রামাণ্যচিত্রের (ভিভা ভের্ডি!)। অস্কারের ইতিহাসে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হওয়া প্রামাণ্যচিত্রের গানের সংখ্যা দাঁড়ালো ১২টি।

অস্কারের ইতিহাসে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীত ষষ্ঠ নারী চীনের চারমেইন চ্যান (জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ)।

যুদ্ধের দামামা
গাজা যুদ্ধ ও জিম্মি সংকট নিয়ে দুটি ইসরায়েলি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছে। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে তেল আবিব ইউনিভার্সিটির মায়র লেভিনসন-ব্লান্ট পরিচালিত “বুচার’স স্টেইন”। সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে স্থান পেয়েছে হিলা মেডালিয়া পরিচালিত ‘চিলড্রেন নো মোর: ওয়্যার অ্যান্ড আর গন’।

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত ‘আর্মড অনলি উইথ অ্যা ক্যামেরা: দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ব্রেন্ট রেনোড’-এর বিষয়বস্তু ২০২২ সালের ১৩ মার্চ ইউক্রেন যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় নিহত আমেরিকান নির্মাতা ও সাংবাদিক ব্রেন্ট রেনোডের স্মরণীয় কিছু কাজ নিয়ে তার ভাই ক্রেগ রেনোডের স্মৃতিচারণ।

সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে রাশিয়ায় গোপনে ধারণকৃত ফুটেজের ওপর ভিত্তি করে নির্মিত ‘মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন’। সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে রাশিয়ার ‘দ্য থ্রি সিস্টার্স’।

/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প