অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি

জনি হক
জনি হক
১৫ মার্চ ২০২৬, ১৫:৫১আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:১৫

হলিউডের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন অস্কারে এবার সত্যিকার অর্থেই দারুণ উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা অপেক্ষা করছে! বেশ কয়েকটি বিভাগে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যে, বিজয়ী তালিকা নিয়ে পূর্বাভাস দেওয়া খুব কঠিন।

রোমাঞ্চকর ও অনিশ্চয়তায় ভরা এবারের পুরস্কার মৌসুমের ঝলমলে ক্লাইম্যাক্স হতে যাচ্ছে অস্কারে। আসরে কার কেমন সম্ভাবনা, তাদের নিয়ে যুক্তিসঙ্গত আগাম অনুমানের চেষ্টা চলছে। কিন্তু পুরস্কার মৌসুমের আসল আনন্দই হলো, বিজয়ীদের ব্যাপারে শতভাগ নিশ্চিত কিছু বলা যায় না। তবুও জল্পনা চলছে, কার ভাগ্যে জুটবে অস্কার? কার মুখে ফুটবে শেষ হাসি, এ নিয়ে বাজি ধরছেন অনেকে। বিখ্যাত প্রযোজনা-পরিবেশনা সংস্থা অস্কারের প্রচারণায় কাড়ি কাড়ি ডলার ব্যয় করেছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১১ হাজারের বেশি সদস্য (চলচ্চিত্র শিল্পে কর্মরত) গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ভোট দিয়ে এবারের আসরের ২৩টি বিভাগে বিজয়ীদের চূড়ান্ত করেছেন। যদি অ্যাকাডেমির ভোটারদের কাছে কোনও নির্দিষ্ট চলচ্চিত্র কিংবা অভিনেতাকে ভালো লেগে যায়, তাহলে কিন্তু অন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ফলাফল তাদের মতিগতির পরিবর্তন ঘটাতে পারে না। 

গত তিন মাসের বেশি সময় ধরে অনুষ্ঠিত আগের অনুষ্ঠানগুলো যেমন ক্রিটিকস’ চয়েস, গোল্ডেন গ্লোবস, বাফটা অ্যাওয়ার্ডস এবং অ্যাক্টর অ্যাওয়ার্ডস অ্যাকাডেমি ভোটারদের মনমর্জি ও মনোনীতদের মোমেন্টাম (এগিয়ে থাকার ধারা) বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সূচক হিসেবে কাজ করে। বিভিন্ন পুরস্কার অনুষ্ঠান কী ইঙ্গিত দিয়েছে সেই বিষয়ে পর্যালোচনা হতে পারে। যদিও আসরের সামনের সারির কয়েকটি বিভাগ নিয়ে নির্দিষ্টভাবে ভবিষ্যদ্বাণী করা কঠিন! মনোনীতদের যে কেউ পুরস্কার বাগিয়ে নিতে সক্ষম। তবুও কোন বিভাগে কার জয়ের সম্ভাবনা বেশি, সেই ভবিষ্যদ্বাণী করে দেখলে কেমন হয়! অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি সেরা চলচ্চিত্র
অস্কারের সর্বোচ্চ স্বীকৃতি বাগিয়ে নেওয়ার দৌড়ে মূলত দুটি ছবির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা চলচ্চিত্র বিভাগে এগিয়ে রয়েছে। গোল্ডেন গ্লোবস, বাফটা, ক্রিটিকস’ চয়েস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ের ফলে এই সম্ভাবনা বেড়েছে। তবে ভ্যাম্পায়ার-হরর ধাঁচের ব্লকবাস্টার ‘সিনার্স’ ছেড়ে কথা বলবে না! কারণ ছবিটি অস্কারে ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে। ‘টাইটানিক’ (১৯৯৭), ‘লা লা ল্যান্ড’ (২০১৬) ও ‘অল অ্যাবাউট ইভ’ (১৯৫০)-এর পাওয়া ১৪টি করে মনোনয়নের রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সিনার্স’। তাই রায়ান কুগলার পরিচালিত এই ছবিকে হালকাভাবে নেওয়া বোকামি হবে। অ্যাক্টরস অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার জিতে মোমেন্টাম তৈরি করেছে ছবিটি। অ্যাকাডেমির ভোটারদের মধ্যে ‘সিনার্স’-এর প্রতি স্পষ্ট সমর্থন বিবেচনায় রাখলে সেরা চলচ্চিত্র বিভাগে আপসেট ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

‘সিনার্স’ ছবিতে ১৯৩০-এর দশকের মিসিসিপি ডেল্টার পটভূমিতে ব্লুজ সংগীতের সঙ্গে ভ্যাম্পায়ার হররের মিশ্রণ ঘটানো হয়েছে। অন্যদিকে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে কর্তৃত্ববাদী মার্কিন শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের গল্প রয়েছে, যারা আত্মগোপনে থাকলেও অতীত শেষ পর্যন্ত তাড়া করে ফিরে আসে। এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত বাকি আটটি ছবির মধ্যে উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের গল্পে অনুপ্রাণিত ‘হ্যামনেট’ ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবসে সেরা চলচ্চিত্র (ড্রামা) ও বাফটায় অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। তবুও অন্যান্য পুরস্কার অনুষ্ঠানের ফলাফল অনুযায়ী বলা চলে– ‘হ্যামনেট’, ‘বুগোনিয়া’, ‘এফওয়ান’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘ট্রেন ড্রিমস’-এর সেরা চলচ্চিত্র বিভাগে জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি সেরা অভিনেতা
আসরের সবচেয়ে আনপ্রেডিক্টেবল বিভাগ এটি। টেবিল টেনিস ভিত্তিক ‘মার্টি সুপ্রিম’ ছবির জন্য টিমোতি শালামে গোল্ডেন গ্লোবস (মিউজিক্যাল অথবা কমেডি) ও ক্রিটিক’স চয়েস অ্যাওয়ার্ডস জিতে অস্কারের সেরা অভিনেতা বিভাগে কিছুটা এগিয়েছিলেন। ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবির জন্য কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কারজয়ী ভাগনার মোরা গোল্ডেন গ্লোবস (ড্রামা) পেয়ে নিজের সম্ভাবনা জিইয়ে রেখেছেন। কিন্তু অ্যাক্টর অ্যাওয়ার্ডস জিতে তাদের ছাড়িয়ে যাওয়ার মোমেন্টাম পেয়ে গেছেন মাইকেল বি. জর্ডান। ‘সিনার্স’ ছবিতে গ্যাংস্টার যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এই কৃষ্ণাঙ্গ তারকা। এখন আপাতত ফেভারিট ধরা হচ্ছে তাকেই। কারণ অ্যাক্টর অ্যাওয়ার্ডসের ভোটাররাই অস্কারেরও ভোটার। তবে তিন জনের মধ্যেই চলছে তীব্র প্রতিযোগিতা। ফলে খেলা ঘুরে যেতে পারে যে কারও দিকে! 

অস্কারে মনোনীত বাকি দুই অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) ও ইথান হক (ব্লু মুন) খালি হাতে ফিরলে অস্বাভাবিক লাগবে না।

সেরা অভিনেত্রী
অস্কারের এই বিভাগ নিয়ে ভবিষ্যদ্বাণী করা তুলনামূলকভাবে সহজ। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস চরিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একচেটিয়া পুরস্কার জিতে অস্কার দৌড়ে এগিয়ে আছেন জেসি বাকলি। এরমধ্যে আছে গোল্ডেন গ্লোবস (ড্রামা), বাফটা, ক্রিটিকস’ চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস। ৩৬ বছর বয়সী এই আইরিশ তারকার জয় প্রায় নিশ্চিত বলা যায়! যদিও অস্কারে কিছুই শতভাগ নিশ্চিত করে বলা যায় না। কারণ ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ ছবির জন্য রোজ বার্ন বার্লিন চলচ্চিত্র উৎসবে, গোল্ডেন গ্লোবসে (মিউজিক্যাল অথবা কমেডি) ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হিসেবে জয় পেয়ে কিছুটা হলেও আলোচনায় আছেন। সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত অন্য তিন তারকা এমা স্টোন (বুগোনিয়া), কেট হাডসন (সং সাং ব্লু) এবং রেনাটে রাইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু) খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না।

সেরা পার্শ্ব অভিনেতা
বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডস জিতে ক্যারিয়ারের তৃতীয়বার অস্কার জয়ের পথে এগিয়ে আছেন শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)। যদিও কোনও অনুষ্ঠানেই তিনি উপস্থিত ছিলেন না। সেরা অভিনেতা বিভাগে দু’বার অস্কার জিতেছেন শন পেন। এবার সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে তাকে ফেভারিট ভাবা হচ্ছে। অবশ্য পুরস্কার মৌসুমের শুরুর দিকে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র জন্য স্টেলান স্কর্সগার্ড গোল্ডেন গ্লোবস এবং ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ছবির জন্য জ্যাকব এলোর্ডি ক্রিটিকস’ চয়েস অ্যাওয়ার্ডস জিতে কিছুটা অনিশ্চয়তার জন্ম দিয়েছিলেন। সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন বেনিসিও দেল তোরো (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) ও ডেলরয় লিন্ডো (সিনার্স)। তাদের জয়ের সম্ভাবনা নেই।

সেরা পার্শ্ব অভিনেত্রী
এবারের পুরস্কার মৌসুমে সেরা পার্শ্ব অভিনেত্রীর বিজয়ী তালিকায় বৈচিত্র্যের সাক্ষী হয়েছে হলিউড। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতেছেন। ব্রিটিশ অভিনেত্রী উনমি মোসাকু ‘সিনার্স’ ছবির জন্য নিজ দেশের মাটিতে বাফটা অ্যাওয়ার্ডসে জয় পান। তবে ‘ওয়েপন্স’ ছবির জন্য অ্যামি ম্যাডিগান ক্রিটিকস’ চয়েস ও অ্যাক্টর অ্যাওয়ার্ডসে জিতে খেলা জমিয়ে তুলেছেন। তিনি বেশ শক্ত অবস্থানেই আছেন। তবে তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলর ও মোসাকুর ছবি দুটি সেরা চলচ্চিত্র বিভাগে থাকলেও ম্যাডিগানের ‘ওয়েপন্স’ নেই। এক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন তিনি। কারণ কমসংখ্যক ভোটার তার অভিনীত ছবি দেখতে পেরেছেন। তবুও এই তিন জনের যে কারও হাতে পুরস্কার ওঠার সম্ভাবনা জোরালো। ফলে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগটি দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। একই বিভাগে মনোনীত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ তারকা এল ফ্যানিং ও ইঙ্গা ইবসডটার লিলোস আসরে জয়ের দেখা পাচ্ছেন না বলে দেয়া যায়!

সেরা পরিচালক
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে নিরঙ্কুশ ফেভারিট পল টমাস অ্যান্ডারসন। গোল্ডেন গ্লোবস, বাফটা, ক্রিটিকস’ চয়েস ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস জয়ের ফলে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে সোনালি ট্রফির সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন তিনি। সেরা পরিচালকের পাশাপাশি সেরা চিত্রনাট্যকার এবং সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে ৫৫ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা জিতে গেলে অস্কারের একই আসরে তিন জয়ের অভিজাত ক্লাবে ঢুকবেন। এমন কীর্তি আছে কেবল ১০ জন চলচ্চিত্র নির্মাতার।

সেরা পরিচালক বিভাগে পল টমাস অ্যান্ডারসনের প্রতিদ্বন্দ্বী রায়ান কুগলার (সিনার্স), ক্লোয়ি জাও (হ্যামনেট), ইয়োয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু) ও জশ স্যাফডি (মার্টি সুপ্রিম) কোনও মোমেন্টাম তৈরি করতে পারেননি পুরস্কার মৌসুম জুড়ে।

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
ব্রাজিলের ক্লেবার মেনদোঞ্চা ফিলো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’ গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস’ চয়েস ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ফেভারিট। কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা অ-ইংরেজি ছবি হিসেবে বাফটা অ্যাওয়ার্ডস পেয়ে কিছুটা আলোচনায় আছে। কান উৎসবে স্বর্ণ পাম জিতলেও জাফর পানাহি পরিচালিত ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ হলিউডে পুরস্কার মৌসুমে কোনও মোমেন্টাম তৈরি করতে ব্যর্থ হয়েছে। একইভাবে স্পেনের ‘সিরাট’ ও তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জিতবে বলে মনে হয় না।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’ এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের ‘জুটোপিয়া টু’র মধ্যে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এরমধ্যে ‘কেপপ ডিমন হান্টার্স’ গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস’ চয়েস, প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা, আর্ট ডিরেক্টরস গিল্ড, ভিজ্যুয়াল ইফেক্টস সোসাইটি ও অ্যানি অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ফলে ‘কেপপ ডিমন হান্টার্স’ অস্কার জয়ের দ্বারপ্রান্তে আছে! যদিও গত বছর বিশ্বব্যাপী ১৮৬ কোটি ডলার আয় করা ‘জুটোপিয়া টু’ বাফটা অ্যাওয়ার্ডস জয় করে কিছুটা সম্ভাবনা ধরে রেখেছে। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘আর্কো’ (নিয়ন), ‘এলিও’ (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স), ‘লিটল অ্যামেলি অর দ্য ক্যারাক্টার অব রেইন’ (জিকিডস)।

সেরা মৌলিক গান
অস্কারের এই বিভাগেও নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’ ফেভারিট। ছবিটিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ শিরোনামের গানটি গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস’ চয়েস ও গ্র্যামি (সেরা সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া) অ্যাওয়ার্ডস জিতেছে। এটি গেয়েছেন দক্ষিণ কোরিয়ান-আমেরিকান গায়িকা ইজেই, রেই আমি এবং আমেরিকান র‌্যাপার অড্রে নুনা। গানটি কথা ও সুরে তৈরি করেছেন ইজেই, মার্ক সনেনব্লিক, জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও এবং টেডি পার্ক।

অস্কারে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘আই লাইড টু ইউ’ (সিনার্স, কথা ও সুর রাফায়েল সাদিক ও লুদবিগ ইয়োরানসন), ‘সুইট ড্রিমস অব জয়’ (ভিভা ভের্দি!, কথা ও সুর: নিকোলাস পাইক), ‘ট্রেন ড্রিমস’ (ট্রেন ড্রিমস, কথা ও সুর: নিক কেভ, ব্রাইস ডেসনার), ‘ডিয়ার মি’ (ডায়েন ওয়ারেন: রিলেন্টলেস, কথা ও সুর: ডায়েন ওয়ারেন)। এরমধ্যে আমেরিকান সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন এ নিয়ে ১৬ বার মনোনীত হলেন। আগের ১৫ বারই তাকে ফিরতে হয়েছে খালি হাতে। এবারও ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না!

অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি অস্কারের সময়সূচি
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে কারা জিতবেন, সেই ফয়সালা হয়ে যাবে কয়েক ঘণ্টা পর। রবিবার (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে এই আয়োজন।

/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন
রেকর্ড, চমক ও আপসেটে মোড়া অস্কার মনোনয়ন
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন