আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৬:৩০আপডেট : ১৯ জুন ২০২৬, ১৬:৩৪

সন্তানের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়া, অবহেলা পেয়েও ভালোবেসে যাওয়া এক বাবার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে।

বাবা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘বাবার ডায়রি’তে তিনি অভিনয় করেছেন আনিস সাহেব নামে এক নিঃস্বার্থ বাবার ভূমিকায়।

নাটকটি আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এ নাটকে আজিজুল হাকিমকে দেখা যাবে একজন স্নেহময়, দানশীল ও আত্মত্যাগী বাবা হিসেবে। নিজের অনুভূতি, না-বলা কথা ও জীবনের নানা অভিজ্ঞতা তিনি লিখে রাখেন একটি ডায়েরির পাতায়। কিন্তু জীবনের শেষ সময়ে এসে তাকে সন্তানের অবহেলা, উপেক্ষা এবং মানসিক কষ্টের মুখোমুখি হতে হয়।

নাটকের দৃশ্য
গল্পে দেখা যায়, ব্যক্তিগত ব্যস্ততা ও ভবিষ্যতের চিন্তায় ধীরে ধীরে বাবার কাছ থেকে দূরে সরে যায় ছেলে আরমান। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান আনিস সাহেব। এরপর ঘটে এমন কিছু ঘটনা, যা বদলে দেয় আরমানের পুরো জীবন। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে। কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর অবশিষ্ট থাকে না।

নাটকটির মাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা। বিশেষ করে বাবা দিবসকে সামনে রেখে নির্মিত এই নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নাটকটির প্রযোজক মো. নাজমুল হক। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সম্রাট চৌধুরী। চিত্রগ্রহণ করেছেন আরিফুল ইসলাম, সম্পাদনা করেছেন সম্রাট আজাদ এবং সংগীত ও আবহ নির্মাণ করেছেন শাহরিয়ার রাফাত।

আজিজুল হাকিমের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ, তমাল মাহবুবসহ আরও অনেকে।

আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
শাহরুখ ছাড় দিয়েছিলেন ৪২ লাখ,  মারাঠি ছবিটির আয় এখন ৮১ কোটি
শাহরুখ ছাড় দিয়েছিলেন ৪২ লাখ, মারাঠি ছবিটির আয় এখন ৮১ কোটি