অভিনেতা থেকে রাজনীতিক হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয় এবার নবজাতকদের জন্য ব্যতিক্রমী এক কল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নতুন এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে দেওয়া হবে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি।
‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এ কর্মসূচির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় করবে তামিলনাড়ু সরকার। ইতোমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন বা তার পর থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এ সুবিধার আওতায় আসবে। উল্লেখ্য, ২২ জুন মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিল নেতা পেরারিগনার আন্নার জন্মবার্ষিকীতে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতিতে ‘থাই মামান সীর’ নামে একটি ঐতিহ্য রয়েছে, যেখানে নবজাতককে তার মামা উপহার ও আশীর্বাদ প্রদান করেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে সরকার প্রতীকীভাবে ‘মামা’র ভূমিকা পালন করবে এবং নবজাতকদের স্বর্ণের আংটি উপহার দেবে।
সরকারের ভাষ্য, এই উদ্যোগ নবজাতক ও তাদের পরিবারের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার প্রতীক হওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যকেও তুলে ধরবে।
উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম। এছাড়া সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এ কর্মসূচির উল্লেখ ছিল।
তামিলনাড়ুতে রাজনৈতিক নেতাদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন দলের পক্ষ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের মধ্যে স্বর্ণের আংটি বিতরণের নজির থাকলেও, এটিই প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার সেই উদ্যোগকে আনুষ্ঠানিক কল্যাণমূলক প্রকল্প হিসেবে চালু করতে যাচ্ছে।





