ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২৬, ১১:৩১আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:০৯

ব্রাজিলভক্তদের জন্য এটি ছিল দুঃস্বপ্নের এক রাত। কিন্তু আর্জেন্টিনার কট্টর সমর্থক অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কাছে সেটিই যেন উৎসবের মুহূর্ত। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় সরাসরি দেখলেন, আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ভাসলেন এই অভিনেত্রী।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচ শুরুর আগ থেকেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে নিয়ে মজার ছলে খোঁচা দিতে শুরু করেন মেহজাবীন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

লাল টপস ও সবুজ স্কার্টে গ্যালারিতে বসা মেহজাবীনের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। ম্যাচ চলাকালে তিনি ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ পোস্টটি মুহূর্তেই ভক্তদের নানা মন্তব্যে সরগরম হয়ে ওঠে।

এরপর শেষ বাঁশি বাজতেই শুরু হয় মেহজাবীনের উদযাপন। গ্যালারিতে দুই হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন তিনি। স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে একটি ভিডিও শেয়ার করে ছোট্ট ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

আর্জেন্টিনা সমর্থক এই অভিনেত্রীর এমন উচ্ছ্বাস আর ব্রাজিলকে উদ্দেশ্য করে করা ধারাবাহিক ট্রল মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ মজা পেয়েছেন, কেউ আবার ব্রাজিলভক্তদের অনুভূতির কথা তুলে ধরে সমালোচনাও করেছেন। তবে বিশ্বকাপের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের চিরচেনা ফুটবল-রসিকতারই নতুন অধ্যায় হয়ে উঠেছে মেহজাবীনের এই পোস্টগুলো।

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকেই।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ব্রাজিলের হারেও ভাঙেনি স্বপ্ন, ‘পরের বিশ্বকাপে আবারও ফিরব’—সাফা কবির
ব্রাজিলের হারেও ভাঙেনি স্বপ্ন, ‘পরের বিশ্বকাপে আবারও ফিরব’—সাফা কবির
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
আর সিনেমা পরিচালনা করবেন না মাহেশ ভাট, নিজেই দিলেন চূড়ান্ত ঘোষণা
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
ফুটবল নিয়ে বাংলা সিনেমার যত গান
ফুটবল নিয়ে বাংলা সিনেমার যত গান