আর্জেন্টিনা না ‘ফিফান্টিনা’? বিতর্কিত জয় নিয়ে তারকাদের বাগযুদ্ধ চরমে

বিনোদন ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৩:৫৪আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৩:৫৯

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারির সিদ্ধান্ত, বাতিল হওয়া গোল এবং পক্ষপাতিত্বের অভিযোগ। খেলা শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেই বিতর্কে যোগ দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা। কেউ আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ রেফারিং ও ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিনেতা রওনক হাসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আহা সালাহ! আহা হাসান! আহা জিকো! আহা মিশর! খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। তোমরা দুর্দান্ত খেলেছো। যে গোলটা বাতিল হয়েছে সেটা অসাধারণ ছিল। কিন্তু ফুটবল এমনই। অভিনন্দন মেসি। তোমাকে আরও দেখতে পাব, এটাই আনন্দ। আমি একজন ব্রাজিল সমর্থক।’

চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার প্রশংসা করে লেখেন, ‘কী দারুণ এক রাত আর্জেন্টিনার জন্য! যখন সবাই ভেবেছিল সব শেষ, তখন মেসি ও তার যোদ্ধারা প্রকৃত চ্যাম্পিয়নের হৃদয় দেখিয়েছে। সাহস, আবেগ আর বিশ্বাস দিয়ে তারা ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।’

গীতিকার আসিফ ইকবাল ব্যঙ্গ করে লিখেছেন, ‘ম্যাচের সেরা ছিল ফিফা। ফিফান্টিনা।’

সংগীতশিল্পী হামিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘নির্লজ্জ প্রতারণা! প্রথম দিন থেকেই পুরো ব্যবস্থা আর্জেন্টিনার পক্ষে কাজ করছে। লজ্জাজনক।’

নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত আর্জেন্টিনার সমর্থনে লিখেছেন, ‘এমন চাপের মুখে দুই গোল শোধ দিয়ে যে দল জিততে জানে, তাদের রক্তেই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আছে। পাড়া-মহল্লার বিশেষজ্ঞরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপিয়ে দেবেন। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। খেলাধুলা এবং খেলোয়াড়সুলভ মানসিকতা শিখুন।’

সংগীতশিল্পী বেলাল খান ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা।’

সংগীতশিল্পী জুনায়েদ ইভান লিখেছেন, ‘পৃথিবীর অন্যতম সুন্দরতম দৃশ্য আর্জেন্টিনার জয়ে মেসির অশ্রুসিক্ত চোখ।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা জানান, তিনি ১৯৯৪ সাল থেকে ব্রাজিলের সমর্থক। তারপরও আর্জেন্টিনার জয়ে তিনি খুশি। একই সঙ্গে মজার ছলে লিখেছেন, ‘কিন্তু আমার এলাকায় কোনো আতশবাজি হলো না, এ কেমন কথা!’

অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, তিনি আর্জেন্টিনা বা মিশর—কোনো দলেরই সমর্থক নন। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও খেলা যত এগিয়েছে, তার ধারণা বদলে গেছে। তিনি লেখেন, ‘ভালো খেলেছো মিশর। অভিনন্দন আর্জেন্টিনা। তবে খেলাধুলাও এখন পক্ষপাতিত্ব এবং বিশ্বজুয়াড়িদের দখলে। সাধারণ সমর্থকদের কিছুই করার নেই।’

অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘ফুটবলে দেশ হিসেবে ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু মেসির খেলাও ভীষণ পছন্দ করি। আজ থেকে আর্জেন্টিনার কোচ স্কালোনির ভক্ত হয়ে গেলাম। অসাধারণ মানুষ, অসাধারণ মেন্টর।’

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ব্যঙ্গ করে লিখেছেন, ‘আর্জেন্টিনা নয়, ফিফান্টিনা।’

তবে, লেখক আনিসুল হক বিষয়টিকে ম্যাচে আর্জেন্টিনার কামব্যাক হিসেবে দেখছেন। যেটা ব্রাজিল নরওয়ের বিপক্ষে পারেনি। তিনি লেখেন, “এই খেলা যিনি দেখেছেন, তিনি বিশ্বকাপ ইতিহাসের সেরা কামব্যাক দেখেছেন। আর্জেন্টিনা ৪ মিনিটে ২ গোল দিয়ে দিল। কারণ তাদের আছে মেসি। সে পৃথিবীর সেরা খেলোয়াড় শুধু তাই নয়, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। তখন মিসর পাজলড। শেষ সময়ে শেষ পেরেক। এই আর্জেন্টিনা এই মেসিতে যে মুগ্ধ হবে না, তার চোখ নাই। সে দলকানা।”

আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত, বাতিল হওয়া গোল এবং নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক এখনো থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পক্ষ আর্জেন্টিনার দুর্দান্ত লড়াইয়ের প্রশংসা করছে, অন্য পক্ষ প্রশ্ন তুলছে রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে। আর সেই বিতর্কে দেশের জনপ্রিয় তারকারাও নিজেদের অবস্থান স্পষ্ট করে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নিউইয়র্কে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’
নিউইয়র্কে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতল ‘মানুষের বাগান’
আর্জেন্টিনা না ‘ফিফান্টিনা’? বিতর্কিত জয় নিয়ে তারকাদের বাগযুদ্ধ চরমে
আর্জেন্টিনা না ‘ফিফান্টিনা’? বিতর্কিত জয় নিয়ে তারকাদের বাগযুদ্ধ চরমে
এক দশকের অপেক্ষার অবসান, নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ
এক দশকের অপেক্ষার অবসান, নতুন গান নিয়ে হাজির ওয়ারফেজ
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
বৃষ্টি নামলে যে ১০ গান মনে পড়ে
বৃষ্টি নামলে যে ১০ গান মনে পড়ে