মাত্র চার মাস আগে রাজ্যসভায় পা রেখেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে সংসদ সদস্য হওয়ার পর এবার সেই পদ থেকেই ইস্তফা দিলেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল। তার এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা—মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কি এবার বিজেপির পথে যাচ্ছেন অভিনেত্রী?
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পদত্যাগের পর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন কোয়েল মল্লিক। এরপরই তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।
কোয়েলের পদত্যাগ তৃণমূলের জন্য আরও একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, চলতি বছর এপ্রিলেই তৃণমূলের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। এর আগে ১১ জুন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল। তবে নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রয়োজন থাকায় সেটি গ্রহণ করা হয়নি। পরে বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দেন তিনি।
রাজনীতিতে কোয়েল মল্লিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে। মার্চে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে। সেই সময় মনোনয়ন জমা দিতে গিয়ে কোয়েল মানুষের আশীর্বাদ চেয়েছিলেন এবং নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় জানিয়েছিলেন। এপ্রিলেই তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।
তবে রাজনীতিতে তার পথচলা দীর্ঘস্থায়ী হলো না। মাত্র কয়েক মাসের মধ্যেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। কোয়েলের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-এ। এর আগে দলটির রাজ্যসভার সদস্য সুশেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন।
কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠা কোয়েল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘বন্ধন’, ‘শুভদৃষ্টি’, ‘প্রেমের কাহিনি’, ‘মন মানে না’, ‘পাগলু’, ‘হেমন্তের পাখি’, ‘অরুন্ধতী’, ‘ছায়া ও ছবি’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। দুই দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন।
এখন প্রশ্ন উঠছে, রাজ্যসভা থেকে পদত্যাগের পর কোয়েল মল্লিকের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোথায়? বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার দলবদল নিশ্চিত করে বলা যাচ্ছে না।





