সাত মাস পিছিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার ও রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আসতে শুরু করেছে দর্শকদের প্রতিক্রিয়া। সেখানে বিজয়ের অভিনয় ও উপস্থিতির প্রশংসা করলেও গল্প, দৈর্ঘ্য ও দ্বিতীয়ার্ধ নিয়ে মিশ্র মতামত দিয়েছেন দর্শকেরা। খবর ইন্ডিয়া টুডে।
এইচ ভিনোথ পরিচালিত জনা নায়গন বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা। এরপর তিনি পুরোপুরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে মনোযোগ দেবেন।
এক্সে একজন দর্শক সিনেমাটিকে ‘খুবই সাধারণ’ উল্লেখ করে লিখেছেন, প্রথমার্ধ গড়পড়তা, দ্বিতীয়ার্ধে ফ্ল্যাশব্যাক কিছুটা গতি ফিরিয়েছে। তবে প্রায় ৩ ঘণ্টার দৈর্ঘ্য সিনেমাটিকে ভারী করে তুলেছে।
আরেক দর্শক সিনেমাটিকে ৫-এর মধ্যে ৩ দশমিক ২৫ নম্বর দিয়ে লিখেছেন, এটি প্রেক্ষাগৃহে উপভোগ করার মতো একটি ছবি। তার মতে, বিজয় ও মামিথা বাইজুর আবেগঘন দৃশ্যগুলো ভালো লেগেছে। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতও ছবিকে এগিয়ে নিয়েছে। তবে খলচরিত্রে ববি দেওলের অংশ আরও শক্তিশালী হতে পারতো এবং সিনেমাটি কিছুটা ছোট হলে ভালো হতো।
ভক্তদের একটি বড় অংশের মতে, প্রথমার্ধে বিজয়ের ‘ম্যাস’ উপস্থিতি প্রত্যাশা পূরণ করেছে। একজন লিখেছেন, ‘বিজয়ের ভক্ত হিসেবে এখন পর্যন্ত দারুণ উপভোগ করেছি। কারিগরি দিক অসাধারণ, তবে গল্পটি পরিচিত ধাঁচের।’
আরেকজনের মতে, প্রথমার্ধ বিনোদনপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধে ছবির গতি কমে যায়। তিনি বিজয়ের অভিনয়ের প্রশংসা করলেও দীর্ঘ অ্যাকশন দৃশ্য ও খলনায়কের গল্পকে দুর্বল বলে মন্তব্য করেছেন।
কিছু দর্শক দ্বিতীয়ার্ধের রাজনৈতিক অংশেরও প্রশংসা করেছেন। তাদের মতে, প্রায় ৪৫ মিনিটের ফ্ল্যাশব্যাক অংশে পরিচালক এইচ ভিনোথ নিজের স্বতন্ত্র নির্মাণশৈলী তুলে ধরেছেন, যা বিজয়ের চরিত্রকে আরও শক্তিশালী করেছে।
তবে সবাই সন্তুষ্ট নন। একজন দর্শক লিখেছেন, প্রথমার্ধের বেশির ভাগ সংলাপ ডাব করা তেলেগু ছবির মতো লেগেছে। তার মতে, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, নাচ এবং খলনায়কের প্রবেশ ছাড়া ছবির অনেক অংশই জোর করে টেনে নেওয়া হয়েছে। তবে অনিরুদ্ধের সংগীতকে তিনি ছবির অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
জনা নায়গন নির্মিত হয়েছে নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত তেলেগু সিনেমা ভগবন্ত কেসরি থেকে অনুপ্রাণিত হয়ে। ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, প্রিয়মণি ও নারাইন। সাত মাস বিলম্বের পর আজ বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই ছবির মধ্য দিয়েই অভিনয়জীবনের ইতি টানলেন বিজয়।









