দেশের প্রতিভাবান গিটারিস্ট সাদ্দাম রনি আর নেই। গতরাতে (২৫ জুলাই দিবাগত রাত) হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
সহশিল্পীদের সূত্রে জানা গেছে, রাতে সংগীতচর্চা ও ব্যান্ডের মহড়া শেষে ভোরের দিকে বাসায় ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনি কে এইচ এন ও-এর রক উইংয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। দক্ষ গিটারবাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তাঁর পরিবেশনা ও সংগীতচর্চার মাধ্যমে নতুন করে পরিচিতি লাভ করেন। তাঁর অকালপ্রয়াণে দেশের ব্যান্ডসংগীত অঙ্গন একজন প্রতিভাবান গিটারিস্টকে হারাল।
রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গায়ক কে এইচ এন। তিনি বলেন, “সাদ্দাম রনি চলে গেছেন। তিনি গ্রহান্তরিত হয়েছেন। দুর্দান্ত পর্যায়ের এক গিটারিস্টের বিদায়!
আমার গাওয়া ‘শ্রেয়া’, ‘কবিতা’, ‘মন’, ‘ছবি’, ‘ডালিয়া’ এবং ইংরেজি গান ‘ক্রিস্টিয়ানা’র সংগীত করেছিলেন রনি। কনসার্টে আমি যে পারফর্ম করি, তা রনিকে ছাড়া সমৃদ্ধ হওয়ার কোনো সুযোগ ছিল না। তাঁর বিদায়ে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।”
এদিকে সংগীতশিল্পী আসিফ আকবরের গিটারিস্ট রাসেল রকও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, “গতরাতে (২৫ জুলাই দিবাগত রাত) প্র্যাকটিস শেষ করে ভোরবেলায় বাসায় ফেরার সময় হার্ট স্ট্রোকে আক্রান্ত হন লিড গিটারিস্ট রনি। পরে মুগদা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর জন্য সবাই দোয়া করবেন।”
ব্যক্তিগত জীবনে রনি এক পুত্রসন্তানের জনক ছিলেন। গত বছর তাঁর একমাত্র ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ অর্জন করে। রনির আদি নিবাস বরিশাল জেলায় হলেও তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে চাঁদপুরে বসবাস করছিলেন। তাঁর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, যিনি সম্প্রতি মারা যান।
সাদ্দাম রনির মৃত্যুতে ঢাকা ও চাঁদপুরের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, শুভানুধ্যায়ী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।





