চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতির প্রথম পকেট-বই ‘রীতিবাক্য’ প্রকাশিত হয়েছে। একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তার চিত্রনাট্য ‘মৃত্যু থেকে জন্ম’-এর পাঠাভিনয়। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম এবং চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, ফখরুল আরেফীন খান ও আহমেদ মুজতবা জামাল।
‘রীতিবাক্য’ বইটিতে লেখকের ৯৯টি ভাবনা, জীবনবোধ, আত্মঅনুসন্ধান ও আত্মস্মৃতির অনুষঙ্গ স্থান পেয়েছে। সাধারণ জীবনজ্ঞান, চলচ্চিত্র সমালোচনা ও সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি ভালোবাসা ও স্মৃতির মতো ব্যক্তিগত অনুভূতিও উঠে এসেছে বইটিতে। লেখকের বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা বইয়ের পছন্দের অংশ পাঠ করেন।
পাঠাভিনয়ের চিত্রনাট্য ‘মৃত্যু থেকে জন্ম’ রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’-এর পটভূমি ঘিরে। গানটির সৃষ্টিপ্রক্রিয়া, কোন পরিস্থিতিতে কবি এটি লিখেছিলেন এবং তাঁর অনুপ্রেরণার উৎস কোথায় ছিল, তা অনুসন্ধান করা হয়েছে চিত্রনাট্যে।
‘মৃত্যু থেকে জন্ম’ পরিবেশন করেন নুসরাত রাইসা, ইরফান রনি, কানিজ ফারজানা আরেফিন ও সাশা। একটি চলচ্চিত্র নির্মাণের অর্থায়ন ও বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ ও অনিশ্চিত হওয়ায় দর্শকদের কাছে চিত্রনাট্যকে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিকল্প পদ্ধতি হিসেবে এই পাঠাভিনয়ের আয়োজন করা হয়েছে।
আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ফারশিদ আলম। তিনি আলিফ আলাউদ্দিনের সঙ্গে ‘মিউজিক বাজ’ অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ‘পেন্টাগন’ ও ‘বোহেমিয়ান’ ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করেছেন। স্থানীয় ও আন্তর্জাতিক মঞ্চ ও উৎসবে তাঁর দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
প্রসঙ্গত, সাদিয়া খালিদ রীতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) থেকে চিত্রনাট্য রচনা বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কান চলচ্চিত্র উৎসব, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা, বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরি হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার।





