ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হচ্ছে আজ, ৬ সেপ্টেম্বর। ‘বিগ বস ২০’-এর সঞ্চালক হিসেবে এবারও থাকছেন সালমান খান। জিওহটস্টারে স্ট্রিমিংয়ের পাশাপাশি কালার্স টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
১৫ বছরেরও বেশি সময় ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করছেন সালমান। প্রতি সিজনে বাড়ির থিম, প্রতিযোগী ও খেলার নিয়মে পরিবর্তন এলেও সঞ্চালক হিসেবে সালমানের উপস্থিতি শোটির অন্যতম আকর্ষণ। বিশেষ করে ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে তার মন্তব্য, রসিকতা ও প্রতিযোগীদের সঙ্গে মুখোমুখি আলোচনা দর্শকদের আগ্রহের কেন্দ্র থাকে।
নতুন সিজন শুরুর আগে বরাবরের মতো এবারও সালমানের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। চ্যানেল বা প্রযোজনা প্রতিষ্ঠান তার পারিশ্রমিকের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্রের দাবি, ‘বিগ বস ২০’-এর জন্য সালমান মোট ১২০ কোটি থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন।
প্রতি ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে উপস্থিত হওয়ার জন্য তার পারিশ্রমিক ৮ কোটি থেকে ১০ কোটি রুপি হতে পারে বলেও বিভিন্ন সূত্রের দাবি।
এর আগে ‘বিগ বস ১৩’-এর সময় প্রতি পর্বে সালমানের পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি ছিল বলে খবর প্রকাশ হয়েছিল। ওই সিজনে সিদ্ধার্থ শুক্লা, শাহনাজ গিল, আসিম রিয়াজ ও রশ্মি দেশাইয়ের মতো প্রতিযোগী ছিলেন। সিজনটি ব্যাপক জনপ্রিয় হওয়ায় এর মেয়াদও বাড়ানো হয়েছিল। ফলে ওই সিজনে সালমানের মোট আয় প্রায় ৬২০ কোটি টাকার কাছাকাছি হয়েছিল বলে শোনা যায়। তবে সালমান বা নির্মাতাদের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
‘বিগ বস ২০’-এর প্রতিযোগী কারা
নতুন সিজনের প্রতিযোগীদের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক তালিকা নির্মাতারা প্রকাশ করেননি। তবে প্রোমো ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কয়েকজনের নাম সামনে এসেছে।
ঋতি তিওয়ারি: অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারি। ২৪ বছর বয়সী এই গায়ক ও সংগীতশিল্পীকে একটি প্রোমোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
ঈশা রিখি: পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির নামও আলোচনায় রয়েছে। র্যাপার বাদশাহর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি তিনি আলোচনায় ছিলেন।
আসিফ খান: ‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’ ও ‘জামতারা’র মতো ওয়েব সিরিজে অভিনয় করা আসিফ খানের নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে রয়েছে। ওয়েব সিরিজ, সিনেমা ও থিয়েটারে কাজ করেছেন তিনি।
তন্ময় সিং: গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে স্কাউটওপি নামে পরিচিত তন্ময় সিংয়ের নামও এসেছে। গেমিং কমিউনিটিতে তার বড় অনুসারী রয়েছে।
কানিকা মান্ন: ‘গুড্ডান তুমসে না হো পায়েগা’ ও ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এর অভিনেত্রী কানিকা মান্নও থাকছেন বলে খবর রয়েছে।
ইয়ুং ডিএসএ: হার্শ বিজয় মাচারে ওরফে ইয়ুং ডিএসএ পুণের হিপ-হপ শিল্পী। অনলাইনে তার গান জনপ্রিয় হওয়ার পর পরিচিতি পান তিনি।
মেরি কম: অলিম্পিক ব্রোঞ্জজয়ী বক্সার ও রাজনীতিক মেরি কমের নামও ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে।
মাহী ভিজ: ‘বালিকা বধূ’ ও ‘লাগি তুঝসে লাগান’খ্যাত টেলিভিশন অভিনেত্রী মাহী ভিজের নামও ধারাবাহিকভাবে আলোচনায় এসেছে।
কুশল তানওয়ার: গুল্লু নামে পরিচিত রিয়েলিটি শো ব্যক্তিত্ব কুশল তানওয়ারও থাকছেন বলে খবর। এর আগে ‘রোডিজ’ ও ‘স্প্লিটসভিলা’-তে দেখা গেছে তাকে।
আম্রপালি দুবে: ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। ভোজপুরি চলচ্চিত্রে তার বড় দর্শক-ভিত্তি রয়েছে।
কাজি তৌকির: ‘ফেম গুরুকুল’জয়ী গায়ক ও রিয়েলিটি শো ব্যক্তিত্ব কাজি তৌকিরের নামও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে।
লাভ গিল ও রিয়া আহির: ‘ফ্যানস কা ফয়সলা’ পর্বের মাধ্যমে পাঞ্জাবি অভিনেতা লাভ গিল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিত্ব রিয়া আহিরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দুজনের মধ্যে একজন দর্শকদের ভোটে মূল প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করবেন।
এ ছাড়া তন্ময় সিংয়ের নাম প্রকাশ না করে তার প্রতি শুভেচ্ছা জানিয়ে ক্যারি মিনাটি, ফুকরা ইনসান ও এলভিশ যাদবের একটি ভিডিও প্রকাশ করেছে জিওহটস্টার।









