বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প। তার অভিনীত সিনেমার পাশাপাশি তাকে ঘিরে তৈরি হওয়ার কথা ছিল এমন কিছু সিনেমার গল্পও আজও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহী করে। তেমনই একটি সিনেমা ‘শত্রু’, যেখানে অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমায় অভিনয় করা হয়নি তাঁর।
গত ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের তারকা অভিনয়শিল্পীরা তার সঙ্গে নিজেদের স্মৃতি ভাগ করে নেন। অনুষ্ঠানে ছিলেন রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়সহ বিভিন্ন প্রজন্মের শিল্পীরা।
অনুষ্ঠানে উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। তার বাবা অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার।
শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের এমন একটি সিনেমা করার কথা ছিল, যেখানে প্রচলিত নায়ক চরিত্রে নয়, বরং নেতিবাচক চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল উত্তম কুমারকে। নায়ক হিসেবে দীর্ঘদিন অভিনয়ের পর এবার খলনায়কের চরিত্রে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি।
সিনেমাটির নাম ছিল ‘হবো ইতিহাস’। কিন্তু সিনেমাটির শুটিং শুরুর মাত্র চার দিন পরই মারা যান উত্তম কুমার। তার মৃত্যুর পর সিনেমাটি থেকে সরে দাঁড়ান শুভেন্দু চট্টোপাধ্যায়।
পরবর্তীতে সেই চিত্রনাট্য নিয়েই নতুন করে সিনেমা নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় ‘শত্রু’। সিনেমাটিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মুক্তির পর ‘শত্রু’ বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত সিনেমা হয়ে ওঠে। তবে সিনেমাটির নেপথ্যে যে উত্তম কুমারের অভিনয়ের কথা ছিল, সেই গল্প অনেকেরই অজানা।





