বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। কিন্তু গ্রেফতারের পরেই নতুন মোড় নিলো মামলার তদন্ত।
পুলিশের গ্রেফতারের পদ্ধতিকে বেআইনি বলে জানিয়ে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলো মুম্বাইয়ের আদালত।
কিছু বিকৃত ও অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার (১৩ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিল্লি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে। দিল্লির শাহদরার জগৎপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করা হয়। এর পর তাকে মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করানো হয়।
তবে অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়নি বলে জানান আদালত। এই বিষয়টিকেই বেআইনি গ্রেফতারের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন বিচারক।
আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ অন্য রাজ্য থেকে কাউকে গ্রেফতার করে নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। কেন সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যাও নাকি দিতে পারেনি তদন্তকারী সংস্থা।
অন্য দিকে, বান্দ্রা পুলিশের তরফে অভিযুক্তকে তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। পুলিশের দাবি ছিল, যে মাধ্যম বা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি করা হয়েছিল, সেটির সন্ধান পাওয়া প্রয়োজন। পাশাপাশি, এই ঘটনায় আরও তদন্ত করতে চায় পুলিশ।
কিন্তু পুলিশের সেই আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাদের দাবি, গ্রেফতারের আগে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি অভিযুক্তকে। এমনকি তাকে গ্রেফতারের কারণও জানানো হয়নি। আইনজীবীদের আরও বক্তব্য, দিল্লির স্থানীয় আদালতে হাজির না করিয়েই অভিযুক্তকে বিমানে করে মুম্বাইয়ে আনা হয়েছে।
আদালত জানান, অভিযুক্তের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)-এর ৩৫(১)(বি) ধারার নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতার করতে হয়।
গ্রেফতার কেন প্রয়োজন, তার কারণও নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী আধিকারিক সেই নিয়ম যথাযথভাবে মেনেছেন, এমন প্রমাণ আদালতে পেশ করা যায়নি বলেই খবর।
বিচারকের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কোনও ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না। তার জন্য আইনে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। সেই কারণেই এই গ্রেফতারকে বেআইনি বলে ঘোষণা করে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।