বলিউডে এমন প্রচারণা আছে যে, করণ জোহরের সিনেমার পার্শ্ব অভিনেতারা খুব একটা টাইমলাইনে আসেন না। তারা ফোকাসের বাইরেই থেকে যান। কিন্তু এই নির্মাতার ‘রকি অর রানি’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করা শাবানা আজমি এবং ধর্মেন্দ্রকে দর্শক বরং বেশি পছন্দ করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট ও রণবীর সিং থেকে।
২ বছর পূর্ণ হয়েছে সিনেমা মুক্তির। অসাধারণ সেট, শুটিং, চরিত্র, প্রেমের দারুণ একটি গল্প, ধর্মেন্দ্রকে পর্দায় চুমু খাওয়া, সবমিলিয়ে সম্প্রতি শাবানা আজমি স্মৃতিচারণা করেছেন এই সিনেমা নিয়ে।
আলিয়া ভাট এবং রণবীর সিং যথাক্রমে এই সিনেমায় রানি চ্যাটার্জী এবং রকি রন্ধাওয়া চরিত্রে অভিনয় করেছেন। তবে দর্শকদের সবচেয়ে বেশি যা মুগ্ধ করেছিল তা হলো, রানির দাদি জামিনী চ্যাটার্জি, যে চরিত্রে অভিনয় করেছিলেন শাবানা আজমি এবং ধর্মেন্দ্র অভিনীত কানওয়াল লুন্ডের সাথে তার অসম্পূর্ণ প্রেম।
নিজের চরিত্র নিয়ে শাবানা বলেন, ‘একজন চরিত্র হিসেবে যামিনী চ্যাটার্জী ছিলেন অত্যন্ত সংবেদনশীল।’
তিনি বলেন, ‘আমার চরিত্র যামিনী, খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিল, সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে ভুল করেছে। সে ভেবেছিল এটা তার কর্তব্য। কানওয়ালের সঙ্গে কাটানো ৭ দিন তাকে জীবনের চমৎকার কিছু স্মৃতি দিয়েছিল। এই চরিত্রটি সংবেদনশীল, বিচক্ষণ ও শিক্ষিত।’
প্রেমের কথা বলতে গিয়ে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার কাছে প্রেমের ধারণা মানে ফুল এবং অঙ্গভঙ্গি দিয়ে প্রলুব্ধ করা নয়। যখন আপনি ছোট থাকেন, তখন প্রেমের প্রতি আপনার ভিন্ন ভিন্ন প্রত্যাশা থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনাকে জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে সাহায্য করে।’
দুইজন প্রাক্তন প্রেমিকপ্রেমিকা যখন অনেক বছর বাদে মিলিত হয়, সেই মুহূর্তকে স্মরণীয় করতে সিনেমায় ‘আভি না যাও ছোড় কে’ গানটি বাজানো হয়। এবং সেই বিশেষ সময়কে স্মরণীয় করতে একটি চুমুর মাধ্যমে দৃশ্যটি রোমান্টিক করে তোলা হয় যা দর্শক খুব পছন্দ করে।
এই চুম্বন দৃশ্য নিয়ে শাবানা হেসে বলেন, ‘কত বড় ক্যানভাস, এখানে উল্লেখযোগ্য ঘটনা কি এটি?’
এরপর অনেকটা মজা করে, আফসোসের কণ্ঠে তিনি বলেন, ‘আমার মনে হয়, চুম্বন দৃশ্যটি এক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল! এখানে আসলে মজার বিষয় ছিল পরিবারের সমস্ত ঘটনা। আমার তো মনে হয়, জয়ার (জয়া বচ্চন) চরিত্রের অজ্ঞান হয়ে যাওয়াটাই ছিল সেরা।’
আলিয়াকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘তিনি একজন অসাধারণ অভিনেত্রী। তিনি প্রচণ্ড আবেগি। আমি মনে করি একজন শিল্পীর আসল শক্তিই এখানে। তিনি একজন সহজাত অভিনেত্রী। আলিয়া পরিশ্রমী। পরিচালকের কথা শোনেন। তিনি তার সহ-অভিনেতাদের প্রতি আন্তরিক। ভালো অভিনেতা হওয়ার সব গুণ রয়েছে আলিয়ার মধ্যে।’
রণবীর সিংকে নিয়ে শাবানা বলেন, ‘রণবীর অসম্ভব পরিশ্রমী একজন অভিনেতা। যে ছেলেটি তাকে বাংলা উচ্চারণ শেখাচ্ছিলেন, রণবীর তার সাথে আঠার মতো লেগে থাকতো। কোনও উচ্চারণে ঝামেলা লাগলেই তার কাছ থেকে জেনে নিত।’
উল্লেখ্য, ‘রকি অর রানি’ সিনেমায় আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ছাড়াও অভিনয় করেছেন জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ।





