কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহের অভিনয় দক্ষতা নতুন করে প্রমাণ করার কিছু নেই। ৭৬ বছরে পা রেখে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তিনি। ৮০ ও ৯০-এর দশকের দুর্দান্ত সব অভিনয়শিল্পীরা যখন জীবনের দ্বিতীয় ইনিংসে নতুন করে প্রশংসিত হচ্ছেন, তখন ২০২৬ সালজুড়ে জাঁকজমক ছাড়াই নিজের অভিনয়ের জাদু দেখাচ্ছেন নাসিরুদ্দিন শাহ।
ইমতিয়াজ আলীর সিনেমা ‘মে ওয়াপাস আউঙ্গা’ এবং ওটিটি সিরিজ ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’-তে তার পারফরম্যান্স দর্শকমহলে ঝড় তুলেছে। ‘মে ওয়াপাস আউঙ্গা’ সিনেমায় তিনি ৯৫ বছর বয়সী দেশভাগের স্মৃতিভারাক্রান্ত আলঝেইমার্স ও ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধ ঈশ্বর গ্রেওয়ালের চরিত্রে অভিনয় করে হৃদয় জয় করে নিয়েছেন। অন্যদিকে, ওটিটি সিরিজ ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’-তে টাটা গ্রুপের কিংবদন্তি নেতা জেআরডি টাটার চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন সমালোচকদের ব্যাপক প্রশংসা।
নাসিরুদ্দিন শাহের এই সাফল্য মনে করিয়ে দেয় ২০২৫ সালে অভিনেতা অক্ষয় খান্নার এমনই এক সোনালী সময়ের কথা। তবে দুই ভিন্ন প্রজন্মের দুই অভিনেতার সাফল্য অর্জনের ধরণ কিছুটা আলাদা। অক্ষয়ের ২০২৩-২০২৫ সালের সাফল্য এসেছিল বক্স অফিসের রেকর্ড ভাঙা ব্যবসায়, অন্যদিকে নাসিরুদ্দিন শাহের জয়জয়কার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রশংসা ও সমালোচকদের ভূয়সী প্রশংসায়।
অক্ষয় খান্না গত বছর লক্ষ্মণ উতেকরের ‘ছাভা’-তে নিষ্ঠুর মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ অপরাধ জগতের শক্তিশালী খলনায়ক রহমান ডাকাত চরিত্রে অভিনয় করে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। সম্প্রতি সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ওটিটি চলচ্চিত্র ‘ইক্কা’-তে সানি দেওলের সঙ্গে অভিনয় করলেও ২০২৫ সালের সেই উন্মাদনা এখনও অপ্রতিদ্বন্দ্বী। প্রবীণ ও তরুণ উভয় প্রজন্মের অভিনেতাদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে সিনেমা প্রেমীদের জন্য সময়টা দারুণ কাটছে।
সূত্র: এনডিটিভি

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড


