জাতি হিসেবে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি মরক্কোর মেয়ে। তার পারিবারিক শিকড় মরক্কোয়। তবে তিনি কানাডীয় নাগরিক। তার জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। এখানেই বেড়ে ওঠা, শিক্ষা। কিন্তু তিনি এখন থাকেন ভারতে।
কেন ভারতে থাকেন নোরা? শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজেই ভারতে থাকার কারণ জানালেন।
এদিন সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল তাকে। মামলার অন্যতম অভিযুক্ত সুকেশের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে নাম আসে অভিনেত্রীর।
এ সময় আদালতে নোরা জানান, তিনি টি-সিরিজের দেওয়া এমপ্লয়মেন্ট ভিসায় ভারতে রয়েছেন। পাশাপাশি, চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা মারিয়া পলুসের সঙ্গে তার সাক্ষাতের বিষয়েও বিস্তারিত জানান অভিনেত্রী।
তদন্ত চলাকালীন ২০২০ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সূত্রে মামলায় উঠে আসে নোরার নাম। পাঁচতারা হোটেলে আয়োজিত ওই চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সুকেশের স্ত্রী লীনা মারিয়া। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল নোরাকে।
পাশাপাশি, একটি নাচের প্রতিযোগিতার বিচারক এবং বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে অর্থ তুলে দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছিল তাকে। নোরার দাবি, চেন্নাইয়ের ওই অনুষ্ঠানের আগে ব্যক্তিগতভাবে সুকেশকে চিনতেন না তিনি। লীনার মাধ্যমেই প্রথম তার সঙ্গে পরিচয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার কথা ছিল নোরার। তবে পূর্ব নির্ধারিত কাজের জন্য স্বল্প সময়ে সেটা সম্ভব না হওয়ায় শুক্রবার ৬ নভেম্বর কোর্টে গিয়ে বয়ান রেকর্ড করলেন তিনি।
কেন সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর