মদ্যপ অবস্থায় একা রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার জন্য তাকে চাপ দিয়েছিলেন এক পরিচালক—এমনই অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শুধু তা-ই নয়, ওই পরিচালক পরে রাতে তার ঘরের দরজায় কড়া নেড়ে আলিঙ্গনের জন্যও জোরাজুরি করেছিলেন বলে দাবি অভিনেত্রীর।
সম্প্রতি এমএক্স প্লেয়ার ও প্রাইম ভিডিওর রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর একটি পর্বে ক্যারিয়ারের শুরুর দিকের সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানান স্বরা।
অভিনেত্রীর দাবি, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পর এই ঘটনা ঘটে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বরার কথায়, ছবিটির শুটিং চলাকালীন ওই পরিচালক প্রথমে তাকে বলেছিলেন, পরিচালকদের তাদের অভিনেতা-অভিনেত্রীদের ভালোবাসা উচিত। এরপর তার চেহারার প্রশংসা করে কবিতা লিখে মেসেজ পাঠাতে শুরু করেন তিনি।
প্রথম দিকে বিষয়টি ভদ্রভাবেই সামলানোর চেষ্টা করেছিলেন স্বরা। কিন্তু পরে একটি রোম্যান্টিক দৃশ্যের মহড়া নিয়ে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।
স্বরার ভাষ্য, ‘ছবির নায়কের সঙ্গে একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। সেই দৃশ্যের মহড়া একান্তে তার সঙ্গে করতে চেয়েছিলেন পরিচালক। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নায়ক ও চিত্রগ্রাহককে সঙ্গে নিয়েই মহড়া দিতে চান।
এরপর যে গেস্টহাউসে তারা ছিলেন, সেখানে পরিচালক ও চিত্রগ্রাহককে একসঙ্গে মদ্যপান করতে দেখেন স্বরা। তার দাবি, তাদের মদের বোতলও প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছিল। পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান তিনি।
স্বরা বলেন, ‘একজন তরুণী, যার বয়স কুড়ির কোঠার গোড়ায়, সে কেন দু’জন মদ্যপ পুরুষের সঙ্গে একা মহড়া দেবে? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। যত দ্রুত সম্ভব সেই জায়গা ছেড়ে চলে যাই।’
তবে এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে দাবি করেন অভিনেত্রী। তার অভিযোগ, রাতে ওই পরিচালক বারবার তার ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন। একপর্যায়ে তার মনে হচ্ছিল, পরিচালক বুঝি দরজা ভেঙেই ফেলবেন।
শেষ পর্যন্ত দরজা খুললে মদ্যপ অবস্থায় টলতে টলতে তার সামনে দাঁড়ান ওই পরিচালক। এরপর স্বরার কাছে আলিঙ্গন চান তিনি। অভিনেত্রী জানান, তিনি স্পষ্টভাবে আলিঙ্গন করতে অস্বীকার করেন। কিন্তু পরিচালক নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্নভাবে কথা বলতে বলতে তাকে জোরাজুরি করতে থাকেন।
স্বরার কথায়, ‘আমি তার মুখের উপরেই বলেছিলাম যে তিনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। কিন্তু এর বেশি কিছু করার ছিল না আমার। কারণ, উনিই ছবির পরিচালক।’
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন স্বরা ভাস্কর। তবে ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর ‘রাঞ্ঝনা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘প্রেম রতন ধন পায়ো’ এবং ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই