ছুটি কাটাতে গিয়ে বালিতে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
তার শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
নুসরতের টিমের তরফে পরে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় অভিনেত্রীর মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে বালিতে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।
এই মুহূর্তে নুসরতের চিকিৎসাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বালি থেকে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। মুম্বাইয়ে পৌঁছনোর পরই অস্ত্রোপচার হওয়ার কথা।
অস্ত্রোপচারের পর নুসরাতকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের পেশাগত কাজেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে তার টিম।
সম্প্রতি টাইগার শ্রফ অভিনীত একটি নতুন অ্যাকশন ছবিতে যোগ দিয়েছেন নুসরাত। রেমো ডি’সুজা পরিচালিত এই ছবিতে প্রথমবার টাইগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক নুসরত ভরুচার। পরে ‘লাভ, সেক্স অউর ধোকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা ২’ এবং ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই