ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের আইটেম গান প্রকাশ্যে এলো। লোকজ আঙ্গিকে সাজানো হয়েছে এটি। আবহমান বাংলার লোকশিল্প রিকশাচিত্রে বাংলা সিনেমার সোনালি সময়ের আবহ তুলে ধরা হয়েছে এর ভিডিওতে। গানটির শিরোনাম ‘বাজার’।
‘ময়ূরাক্ষী’র ফেসবুক পেজে বৃহস্পতিবার (৬ জুন) ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়েছে। গানের কথা হলো, ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই।’ নাদিম ভূঁইয়ার সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন শাকিলা সাকি।
গানটিতে নেচেছেন ‘এমআর-নাইন: ডু অর ডাই’ ছবির নায়িকা আলিশা ইসলাম। তার পাশাপাশি ৫০ জন নৃত্যশিল্পী পারফর্ম করেছেন রুহুল আমিনের কোরিওগ্রাফিতে। ফেসবুকে বাংলা চলচ্চিত্রের গ্রুপে বেশ কয়েকজন দর্শক আলিশার গ্ল্যামার ও নাচের প্রশংসা করেছেন।
রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’তে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ। কিছু দিন আগে প্রকাশিত ছবিটির পোস্টারে তাদের রসায়নের একঝলক দেখা গেছে। এতে ট্যাগলাইন হিসেবে উল্লেখ রয়েছে, ‘বেইমান পাখির গল্প।’
পোস্টারের পর প্রকাশিত টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়ে একটি উড়োজাহাজ। পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়েছে। এরপর সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ছিনতাইকারী নিহত হয়েছে। শেষ দৃশ্যে উড়োজাহাজের কেবিনে পেছন থেকে এক তরুণকে দুই হাত উঁচু করতে দেখা যায়।
প্রেম ও প্রতারণার সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তুরী চৌধুরী।
‘ময়ূরাক্ষী’র সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানও গেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মুহিন খান, পূর্ণতা ও তরসা। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো।





