অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে ছিটকে পড়লেন অভিনেত্রী রণিতা দাস। গত কয়েকদিন আশঙ্কা করা হচ্ছিল, এই সপ্তাহে তার দুর্গ ছাড়তে হবে। সেই আশঙ্কা মিথ্যে হয়নি।
সপ্তমীতে সবাইকে চমকে দিয়ে বিগ বস বাংলায় একসঙ্গে প্রবেশ করেছিলেন সৌরভ দাস ও রণিতা দাস। মাত্র কয়েক সপ্তাহেই শেষ হলো রণিতার বিগ বস জার্নি।
দর্শকদের ভোটে দুর্গ থেকে বেরিয়ে গেলেন তিনি। অর্থাৎ নমিটেডেট হয়েও ১২ তম সপ্তাহে টিকে গেলেন তনুশ্রী রায় দাস। অর্থাৎ ফাইনালের আরও কাছে পৌঁছে গেলেন জলপাইগুড়ির বধূ।
বিগ বস বাংলার পেরিয়েছে ৩ মাস। আর হাতে মাত্র ২ সপ্তাহ। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হবে ফাইনাল। ইতিমধ্যেই প্রথম ফাইনালিস্ট হিসেবে মেডেল পেয়েছেন অভিনেতা জীতু কামাল।
ফাইনালে যাওয়ার সুযোগ পাবেন মাত্র ৫ জন। তবে রবিবার পর্যন্ত দুর্গে ছিলেন ৯ জন। এ সপ্তাহে নমিনেটেড হয়েছিলেন তনুশ্রী ও রণিতা। ফলে কে বেরিয়ে যাবেন, তা নিয়ে চর্চা ছিলই। সোশাল মিডিয়ায় নজর রাখলে বোঝা যাচ্ছিল, ভোটের পাল্লা ভারী ছিল তনুশ্রীর দিকেই।
কারণ, একে অনেকটা দেরিতে দুর্গে ঢুকেছেন রণিতা। তার ওপর কথায় কথায় তার বাচ্চা সুলভ আচরণ ও কান্নার প্রবণতা ভালোভাবে দেখছিল না কেউই।